ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধের প্রতিবাদে পাকিস্তান তেহরিক ই ইনসাফ প্রধান ইমরান খানের নেতৃত্বে শুরু হওয়া লং মার্চকে আদিবাসী অঞ্চলে ঢুকতে দেয়া হয়নি।
সীমান্ত অঞ্চলে লং মার্চ নিয়ে গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে আলাপ আলোচনার পর বিফল হয়ে ফিরে আসা ইমরান খান কাছাকাছি একটি শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে শেষ পর্যন্ত মূল গন্তব্য দক্ষিণ ওয়াজিরিস্তানে পৌঁছানোর ইচ্ছা এখনো আছে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলার প্রতিবাদের দ্বিতীয় দিনে রোববার আদিবাসী এলাকা অভিমুখে অগ্রসর হয় ইমরান খানের লং মার্চ।
হাজারো বিক্ষোভকারীর বিশাল গাড়িবহর রোববার উত্তরপশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান শহর ছেড়ে যায়।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার শিকার এলাকাগুলোর মধ্যে অন্যতম ওয়াজিরিস্তান পর্যন্ত যাওয়ার কথা এ গাড়িবহরটির। সেখানে এক সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
কিস্তু জঙ্গি হামলার আশঙ্কার কারণে গাড়িবহরটিকে গন্তব্যে যেতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড ও বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশও মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ ওয়াজিরিস্তানে প্রবেশের চেষ্টার আগে বিদ্যমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মিত্রদলগুলোর সঙ্গে আলোচনা করার কথা আগেই জানিয়েছিলেন ইমরান খান।
এ ব্যাপারে তার ভাষ্য, তারা শান্তির জন্য সেখানে যেতে চান। সঙ্গে থাকা অতিথিদের জীবন তিনি বিপন্ন করতে চান না। শুধু ড্রোন হামলার হুমকির মাত্রা কতখানি তা জানতে চান।
কিন্তু দেরা ইসমাইল খানের পুলিশ কমিশনার কিফায়েতুল্লাহ বলেন, লং মার্চকে ওয়াজিরিস্তানে ঢুকতে দেয়ার প্রশ্নই নেই।
বোমা হামলা ও গুপ্তঘাতকের হামলার আশঙ্কার কারণে লং মার্চের জন্য নিরাপত্তা ব্যবস্থা করার পাশাপাশি দেরা ইসমাইল খানের বাইরের রাস্তাগুলো বন্ধ করে দেয়ার কথা জানান তিনি।
উত্তরপশ্চিমাঞ্চলের ওইসব দুর্গম এলাকায় জঙ্গিদের গোপন আস্তানা রয়েছে অভিযোগে ড্রোন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ হামলার প্রতিবাদে লং মার্চ করলেও খোদ ইমরান খানকেই পশ্চিমাদের ‘হাতিয়ার’ বলে উল্লেখ করেছে জঙ্গিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৬৫৯ঘ.
bdnews24