ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্লামেন্টে নতুন মন্ত্রীসভার অনুমোদন পেতে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হওয়ার পর লিবিয়ার নির্বাচিত প্রধানমন্ত্রী মুস্তফা আবু শাগুর প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন।
রোববার লিবিয়ার পার্লামেন্ট জেনারেল ন্যাশনাল কংগ্রেসের (জিএনসি) ভোটাভুটিতে দ্বিতীয়বারের মতো প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হন শাগুর, জানিয়েছে বিবিসি অনলাইন।
এর আগে মাত্র ১০ জন মন্ত্রীর সমন্বয়ে একটি “জরুরী সরকার” গঠনের ডাক দিয়েছিলেন শাগুর।
কিন্তু জিএনসির ১২৫ জন সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৪৪ জন সদস্য আর সতের জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে।
এর আগে বৃহস্পতিবার রাতে শাগুর প্রস্তাবিত প্রথম মন্ত্রীসভা প্রত্যাখান করেছিল জিএনসি।
জিএনসিকে এখন আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে নতুন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
গত বছর লিবিয়ার ক্ষমতা থেকে মুয়াম্মাম গাদ্দাফিকে হটানোর পর শাগুর লিবিয়ার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন।
গাদ্দাফি শাসনাবসানের পর লিবিয়ার অন্তর্র্বতী নেতা আব্দুরাহিম আল কিবের অধীনে এক বছরেরও বেশি সময়
উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছিলেন শাগুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১০৬ ঘ.
bdnews24