নয়াদিল্লি ,অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে রাজনীতিতে নারীদের ব্যাপক অংশগ্রহণ লিঙ্গ বৈষম্য এবং ধর্ষণ, বাল্য বিবাহ, নারী ভ্র“ণ হত্যা ইত্যাদির মতো অপরাধগুলোর অবসান ঘটাতে সাহায্য করবে - বলেছেন জাতিসংঘের নারী বিষয়ক প্রধান মিচেল বাচেলেত।
শুক্রবার তিনদিনের ভারত সফর শেষে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
চিলির সাবেক প্রেসিডেন্ট বাচেলেত বলেন, “ভারতে এখনো অনেক সমস্যা বিদ্যমান যা নিয়ে আমরা দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।”
“আমি বিশ্বাস করি রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের একটি উপায় যার মাধ্যমে নারীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তা মোকাবেলা করা সম্ভব হবে। নারীর ক্ষমতায়ন না হলে ও তারা নিজেদের অধিকারের বিষয়ে সরব হয়ে না উঠলে তাদের গুরুত্ব দেয়া হবে না,” বলেন তিনি।
জুনে থমসন রয়র্টাস ফাউন্ডেশন পরিচালিত জরিপ অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১৯টি অর্থনৈতিক শক্তির মধ্যে লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতন ও হত্যার দিক দিয়ে ভারতের আশেপাশে কেউ নেই।
এখনো ভারতের নারীরা ভ্র“ণহত্যা, বাল্যবিবাহ, যৌতুক, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, ধর্ষণ, পারিবারিক নির্যাতন এবং মানব পাচারের মতো অপরাধের সম্মুখীন হচ্ছে।
তবে এসব সত্ত্বেও ভারতের রাজনৈতিক ইতিহাসে শক্তিশালী কিছু নারী নেতৃত্ব এসেছে। এদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার পুত্রবধূ সোনিয়া গান্ধী, সাবেক প্রেসিডেন্ট প্রতিভা পাতিল, লোকসভার স্পিকার মীরা কুমার, পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য।
এছাড়া বর্তমানে ১০ লাখেরও বেশি নারী রাজনীতিবিদ ইউনিয়ন পরিষদে প্রতিনিধিত্ব করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এবি/১৫১১ ঘ.
bdnews24