লন্ডন, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে ব্রিটেনে কারাবন্দী ইমাম ও ইসলামী নেতা আবু হামজা আল-মাসৌরিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘ আট বছর ধরে এ হস্তান্তর এড়ানোর আইনি প্রচেষ্টা চালাচ্ছিলেন আবু হামজা।
মিশরীয় বংশোদ্ভ’ত আবু হামজার বিরুদ্ধে ওয়াশিংটনে আল-কায়দার কার্যক্রমে সহায়তা, ইয়েমেনে একটি অপহরণের ঘটনা এবং যুক্তরাষ্ট্রের ওরেগনে জঙ্গিদের জন্য একটি প্রশিক্ষণ ক্যাম্প খোলার কাজে আল-কায়েদাকে সহায়তা দেয়াার অভিযোগ রয়েছে।
চরম পশ্চিমাবিরোধী বক্তা আবু হামজা যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বেরের হামলায় জড়িত জাকারিয়া মাসোরোউয়ের মতো জঙ্গিদের উৎসাহিত করেছিলেন বলে মনে করা হয়। নর্থ লন্ডনের ফিনসবারি পার্ক মসজিদে ইমাম থাকা অবস্থায় ইসলামী চরমপন্থার চর্চা চালানোর দায়ে ২০০৬ সালে কারাবন্দী হন তিনি।
৫৪ বছর বয়সী হামজার বিরুদ্ধে অমুসলিমদের হত্যার জন্য তার অনুসারীদের উৎসাহ দেয়ার অভিযোগও রয়েছে।
যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলাকে সমর্থন জানিয়ে আলোচনায় আসেন তিনি।
ইংল্যান্ডের মধ্যাঞ্চলের একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগার থেকে বিপুল সংখ্যক পুলিশের প্রহরায় হেলিকপ্টারে করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে মার্কিন কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয় তাকে।
এর আগে লন্ডনের দুটি আদালত তার বিরুদ্ধে মামলার কার্যক্রম পিছিয়ে দেয়ার আবেদন বাতিল করে। হামজার মস্কিষ্কের একটি পরীক্ষা করানোর জন্য মামলার কার্যক্রম পেছানোর আবেদনটি করা হয়, যার প্রতিবেদনে হস্তান্তরের জন্য তিনি যথেষ্ট সুস্থ নয় বলে প্রমাণ করা হতো।
তার আবেদন খারিজ হওয়ায় কয়েক ঘন্টা পরেই তাকে হস্তান্তর করা হয়। বিচারকের রায়ের পর লন্ডন আদালতের বাইরে আবু হামজার প্রায় ১০০ জন সমর্থক লোক জড়ো হয়ে তআল-হামজার মুক্তির দাবিতে স্লোগান দেয়।
হস্তান্তরের বিরুদ্ধে করা আরো চার জঙ্গির আবেদন খারিজ হয়। মার্কিন কর্তৃপক্ষ সরবরাহ করা দুটি অসামরিক জেট বিমানে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
এরা হলো- আবু হামজা, খালিদ আল ফায়েজ, আদেল আবদুল বারি, বাবর আহমেদ এবং সৈয়দ তালহা আহসাহ। এদের সবার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
আবু হামজাসহ এদের সবার হস্তান্তরের বিরুদ্ধে ইউরোপীয় মানবাধিকার আদালতে করা পাঁচটি মামলাই নাকচ করে দেয় ওই আদালত। এর পরপরই মামলাগুলো উচ্চ আদালতে পাঠানো হয়।
মুস্তাফা কামেল মুস্তাফা নামে ১৯৭০ সালে প্রকৌশল বিদ্যার ছাত্র হিসেবে ব্রিটেনে আসেন হামজা। পরে এক ব্রিটিশ নারীকে বিয়ে করা হামজা একসময় লন্ডনের ডিসকো ক্লাবের দারোয়ান হিসেবেও কাজ করতেন।
নিজের কাটা ডান হাতের জায়গায় একটি আঁকড়া পড়ার জন্য বিখ্যাত আবু হামজা। ১৯৮০ সালে আফগানিস্তানে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করার সময় নিজের দুই হাত ও একটি চোখ হারান বলে দাবি করেন তিনি।
তবে আফগানিস্তানে সে আসলে মুজাহিদিদের হয়ে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে যুদ্ধ করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২০০৪ সালে নিউ ইয়র্কের ফেডারেল আদালত আবু হামজার বিরুদ্ধে ১৯৯৮ সালে ইয়েমেনে একটি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ গ্রহণ করে। ওই ঘটনায় তিনজন ব্রিটিশ ও এক অস্ট্রেলীয় নিহত হন। আফগানিস্তানে তালেবানদের সহায়তা দেয়ার অভিযোগও রয়েছে আবু হামজার বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/কিউএইচ/১৬২৮ ঘ.
bdnews24