২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কের কাছে বিমান ঘাঁটি বিদ্রোহীদের দখলে

সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ক্ষেপণাস্ত্রের ভান্ডারসহ বিমান প্রতিরক্ষা ঘাঁটি দখলে নেয়ার কথা জানিয়েছে বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

বৈরুত, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ক্ষেপণাস্ত্রের ভান্ডারসহ বিমান প্রতিরক্ষা ঘাঁটি দখলে নেয়ার কথা জানিয়েছে বিদ্রোহীরা। দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর হামলায় বিপর্যস্ত বিদ্রোহীদের জন্য লড়াইয়ে এ এক বিরল অগ্রগতি। ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে সেনা পোশাক পরা বেশ কয়েকজন বিদ্রোহীকে উল্লাস করতে দেখা গেছে। তাদের পেছনে একটি সামরিক স্থাপনা থেকে কালো ধোঁয়া উড়ছিল। রাইফেল হাতে মধ্যবয়সী এক ব্যক্তি এ সময় বলেন, পূর্বাঞ্চলীয় ঘৌতা এলাকার এ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে দৌমা শহরের বিদ্রোহী যোদ্ধারা। দু’টি এলাকার অবস্থানই দামেস্ক থেকে কয়েকমাইল পূর্বে। বৃহস্পতিবার ওই অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। আরেকটি ভিডিওতে বিদ্রোহীদেরকে একটি অস্ত্রাগারে দেখা গেছে। এ অস্ত্রাগার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের ভান্ডার বলেই ধারণা করা হচ্ছে। বিদ্রোহীরা এ ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম না হলেও এর বিস্ফোরক বোমা তৈরির কাজে লাগাতে পারে। সিরিয়ায় ১৮ মাসের আন্দোলন-সহিংসতায় বিদ্রোহীরা এর আগেও দেশের বিভিন্ন জায়গায় সামরিক ঘাঁটি দখল করেছে। কিন্তু এর পরপরই ওই জায়গাগুলোতে জঙ্গি বিমান হামলার শিকার হয়েছে তারা। এবার বিদ্রোহীরা বিমান প্রতিরক্ষা ঘাঁটি দখলের যে ভিডিও প্রকাশ করেছে তার সত্যাসত্য নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। সিরিয়ার বেশির ভাগ এলাকা থেকেই বিদ্রোহীদের পিছু হটিয়ে দিয়েছে সেনাবাহিনী। সরকারি বাহিনীর বিমান হামলা প্রতিহত করার শক্তিও বিদ্রোহীদের তেমন নেই। দামেস্কর শহরতলীগুলোতে অবস্থান নিয়ে আছে বিদ্রোহীরা। তাদের হটাতে আবাসিক এলাকাগুলোতে জঙ্গি বিমান, হেলিকপ্টার এবং গোলা হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৮১৪ঘ.