২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক মঞ্চের রমনি ‘আসল’ লোক নন: ওবামা

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর প্রথম টেলিভিশন বিতর্কে রিপাবলিকান প্রার্থী মিট রমনি দৃশ্যত এগিয়ে থাকলেও পাল্টা জবাব দিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 06:24 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ডেনভার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর প্রথম টেলিভিশন বিতর্কে রিপাবলিকান প্রার্থী মিট রমনি দৃশ্যত এগিয়ে থাকলেও পাল্টা জবাব দিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার কলোরাডোর ডেনভারে ওই বিতর্কে রমনি মিথ্যার আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ করেছেন ওবামা। নিজের রাজনীতি ও প্রতিশ্রুতির ব্যাপারে সঠিক কথাগুলো বলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন প্রতিদ্বন্দ্বীকে। বিতর্ক পর্যবেক্ষণকারীরা বলছেন, প্রথম মুখোমুখী সাক্ষাতে দুই প্রার্থীর মধ্যে রমনিকেই বিজয়ী বলে মনে হয়েছে তাদের। বিতর্কের পরে রয়টার্সের জরিপে রমনির পক্ষে জনসমর্থন কিছুটা বাড়তে দেখা গেলেও এখনো ওবামার চেয়ে পিছিয়ে আছেন তিনি। বিতর্কের পরে ভোটাররা মনে করছেন, রমনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করা, কর্মসংস্থান সৃষ্টি ও বাজেট ঘাটতি পূরণে ভালো করবেন। বৃহস্পতিবার ভার্জিনিয়ায় এক প্রচার সভায় ওবামা বলেন, “বিতর্ক মঞ্চে উঠে প্রাণবন্ত যে ব্যক্তিকে আমি দেখলাম তিনি নিজেকে মিট রমনি বলে দাবি করেছেন। কিন্তু তিনি রমনি হতে পারেন না, কারণ আসল রমনি ৫ ট্রিলিয়ন ডলার কর হ্রাসের ব্যাপারে গত বছর সারা দেশজুড়ে প্রচারণা চালিয়েছেন।” “রিপাবলিকানদের পক্ষে বিতর্কে অংশ নেওয়া ব্যক্তি এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন”, বলেন ওবামা। এছাড়া রমনির ব্যবসার ইতিহাস, সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া ভিডিও এবং আয়কর রিটার্ন দাখিল করতে অস্বীকৃতি জানানোর ব্যাপারেও রমনিকে ছেড়ে কথা বলেননি ওবামা। পরে ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের প্রচারণাতেও একই বক্তব্য রাখেন ওবামা। বৃহস্পতিবার ভার্জিনিয়ায় নিজের প্রচারণায় ওবামার সমালোচনার সরাসরি কোনো জবাব দেননি রমনি। অবশ্য বিতর্কে ওবামা আরো এক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য আত্মপক্ষ সমর্থন করতে ব্যর্থ হয়েছেন বলে তিনি মন্তব্য করেছেন। রমনি বলেন, “আমি প্রেসিডেন্ট ওবামাকে কিছু প্রশ্ন করার সুযোগ পেয়েছিলোম, যেগুলো পুরো আমেরিকা তাকে করতে চায়।” বুধবারের দেড় ঘণ্টা এ টেলিভিশন বিতর্কটি প্রায় ৬ কোটি ৭২ লাখ দর্শক দেখেছে বলে জানিয়েছে জরিপ সংস্থা এসি নিলসেন। আগামী ১৬ অক্টোবর নিউইয়র্ক ও ২২ অক্টোবর ফ্লোরিডায় আরো দুটি বিতর্ক হওয়ার কথা রয়েছে। বুধবারের বিতর্কের জন্য বেশ কদিন ধরে প্রস্তুতি নিয়েছেন রমনি। অপরদিকে ওবামা ব্যস্ত ছিলেন প্রচারণার জন্য তহবিল জোগাড়ে। পরবর্তী বিতর্কগুলোর প্রস্তুতির জন্যও ওবামার বাড়তি সময় দেওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে প্রচারণার কৌশলে কিছু রদবদল করা হবে বলে জানিয়েছে ওবামার জ্যেষ্ঠ সহায়তাকারী ডেভিড অ্যাক্সেলরড। ওবামার অন্যতম উপদেষ্টা ডেভিড প্লাউফ বলেন, “আমরা অবশ্যই রমনির অসততার ব্যাপারটি লক্ষ্য করব। নিজের প্রচারণার মূল আলোচনার ব্যাপারে মিথ্যা বলার এমন নজির আমেরিকার রাজনীতির ইতিহাসে পাওয়া দুঃসাধ্য।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১২২২ ঘ.