২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামলার অনুমতি তুরস্কের

তুরস্কের শহরে প্রাণঘাতী গোলা হামলার জবাবে সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোর অনুমোদন দিয়েছে তুর্কি পার্লামেন্ট। তবে এ অনুমতি কোনো যুদ্ধ শুরুর সংকেত নয়, বরং প্রতিরক্ষাই এর উদ্দেশ্য বলে দাবি করেছে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 04:29 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

তুরস্ক, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- তুরস্কের শহরে সিরিয়ার প্রাণঘাতী গোলা হামলার পর দেশটির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর অনুমোদন দিয়েছে তুর্কি পার্লামেন্ট। এতে করে সীমান্তের অপর পারে হামলা চালাতে পারবে তুরস্কের সেনারা। তাছাড়া, এর আওতায় প্রয়োজনবোধে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতেও এখন হামলা চালাতে পারবে তুরস্কের সেনাবাহিনী। সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার এ বিলটি বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে ৩২০-১২৯ ভোটে পাশ হয়েছে। সংঘাতপূর্ণ সিরিয়া থেকে উড়ে যাওয়া মর্টারের গোলায় পাঁচ তুর্কি নাগরিক নিহত হওয়ায় ইতোমধ্যেই সিরিয়া সীমান্তে কামান হামলা চালিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার সিরিয়ার সীমান্ত শহরে তুরস্ক আরো জোর গোলা হামলা চালিয়েছে। দামেস্ক ইতোমধ্যে তুরস্কে ওই গোলা হামলার জন্য জাতিসংঘের মাধ্যমে ক্ষমা চেয়েছে। কিন্তু তুর্কি সরকার এ ‘আগ্রাসী তৎপরতার’ কারণে সিরিয়ার সেনাবাহিনীকে তুরস্কের জাতীয় নিরাপত্তায় মারাত্মক হুমকি বলেই মন্তব্য করেছে। আর সেকারণেই এ হুমকি মোকাবেলায় প্রয়োজনবোধে সিরিয়ার অভ্যন্তরে সামরিক হামলার অনুমোদন দিয়েছে তুরস্ক। তবে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বশির আতালয় বলছেন, হামলা প্রতিরোধই এর লক্ষ্য, এটি যুদ্ধ শুরুর অনুমতি নয়। ওদিকে, এক টুইটার একাউন্টে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের ঊর্ধ্বতন উপদেষ্টা ইব্রাহিম কালিন বলেন, “সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ তুরস্কের নেই। তবে তুরস্ক নিজেদের সীমান্ত রক্ষা করতে সক্ষম। তাছাড়া, তারা প্রয়োজন মনে করলে সিরিয়ার হামলার পাল্টা জবাবও দেবে।” একইসঙ্গে সিরিয়ার সাথে রাজনৈতিক এবং কূটনৈতিক কর্মসূচিও যথারীতি চলবে বলে জানান তিনি। বুধবার সিরীয় বাহিনীর মর্টার তুরস্কে আঘাত হানার পরিপ্রেক্ষিতে সদস্য দেশ তুরস্কের পক্ষ নিয়ে অবিলম্বে সিরিয়ার ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনকারী’ এ সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে নেটো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে অনুরোধও জানিয়েছে তারা। মর্টার হামলার পর তুরস্ক সীমান্তে আরো সেনা মোতায়েন করে। তবে সিরিয়ার দিক থেকে তুরস্কে আঘাত হানা মর্টারের গোলা কে বা কারা ছুড়েছে তা পরিষ্কার নয়। তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান বলেন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের আচরণবিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে এ ন্যক্কারজনক হামলার পাল্টা জবাব দিয়েছে। সিরিয়া সীমান্তে রাডার নির্ধারিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে কামান হামলা চালানো হয় বলে জানান তিনি। ২০১১ সালের মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমালোচনা করে আসছেন তার একসময়ের মিত্র এরদোয়ান। তুরস্কের মাটিতে সিরীয় বিদ্রোহীদের সংগঠিত হওয়ার অনুমতিও দিয়েছেন তিনি। ওদিকে, মর্টার হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি বলেছেন, এ হামলার উৎস কোথায় তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, সিরিয়া অবশ্যই তার প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বে শ্রদ্ধাশীল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১১ঘ.