ফিলিপাইন, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোয়োকে লুটতরাজের অভিযোগে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ক্ষমতায় থাককালে ব্যক্তিগত লাভের জন্য ৮৮ লাখ ডলারের রাষ্ট্রীয় তহবিল তছরুপের অভিযোগে আদালত অ্যারোয়োর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
অ্যারোয়ো সামরিক হাসপাতালে থাকাকালে পুলিশ এ পরোয়ানায় তাকে গ্রেপ্তার করেছে জানিয়েছেন কর্মকর্তারা। মেরুদণ্ডের অসুখজনিত কারণে সেখানে তার চিকিৎসা চলছিল।
এ বছরের শুরুর দিকে নির্বাচনে জালিয়াতির আরেক অভিযোগে অ্যারোয়োকে আটক করা হয়েছিল। কিন্তু জুলাইয়ে তিনি জামিনে মুক্তি পান।
স¤প্রতি কংগ্রেসে পুনর্নির্বাচনের জন্য অ্যারোয়ো মনোনয়ন পত্র জমা দেয়ার পরদিনই তার বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
ফিলিপাইনে লুটতরাজ জামিন অযোগ্য অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ।
৬৫ বছর বয়সী আরোয়ো ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি প্রতিনিধি পরিষদের একজন আইনপ্রণেতা।
অর্থ আত্মসাৎ ছাড়াও ২০০৭ সালে নির্বাচনে জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে।
কিন্তু অ্যারোয়ো সব অভিযোগই অস্বীকার করেছেন এবং ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর বিরুদ্ধে তার প্রতি প্রতিশোধপরায়ণতার অভিযোগ করেছেন।
২০১১ সালে চিকিৎসার জন্য দেশত্যাগের চেষ্টা করার সময় নভেম্বরে প্রথম গ্রেপ্তার হন অ্যারোয়ো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/২৩১৩ঘ.
bdnews24