আক্কালে, তুরস্ক, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংঘাতপূর্ণ সিরিয়া থেকে উড়ে আসা মর্টারের আঘাতে তুরস্কের পাঁচ নাগরিক নিহত হওয়ায় সিরিয়ায় কামান হামলা চালিয়েছে তুরস্ক।
বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর আক্কালে সিরীয় বাহিনীর মর্টার হামলার পাল্টা জবাব হিসেবে তুরস্ক কামান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সিরীয় সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
সিরীয় বাহিনীর মর্টার তুর্কিতে আঘাত হানার পরিপ্রেক্ষিতে সদস্য দেশ তুরস্কের পক্ষ নিয়ে অবিলম্বে সিরিয়ায় ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘণকারী’ এ সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে ন্যাটো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে অনুরোধও জানিয়েছে তারা।
মর্টার হামলার পর তুরস্ক সীমান্তে আরো সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে। তবে সিরিয়ার দিক থেকে তুরস্কে উড়ে আসা মর্টারটি কে বা কারা ছুঁড়েছে তা এখনো পরিষ্কার নয়।
তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এরদোগান বলেন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের আচরণবিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে এ ন্যক্কারজনক হামলার পাল্টা জবাব দিয়েছে। জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে এ ধরনের উস্কানিতে কখনোই চুপ থাকবে না তুরস্ক।
সিরিয়ার সীমান্তের ভিতরে রাডার দ্বারা নির্ধারিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে কামান হামলা চালানো হয় বলে জানান তিনি।
২০১১ সালের মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে আসাদের সমালোচনা করে আসছেন তার একসময়ের মিত্র এরদোগান। তুরস্কের মাটিতে সিরীয় বিদ্রোহীদের সংগঠিত হওয়ার অনুমতিও দিয়েছেন তিনি।
এদিকে মর্টার হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি জানান, এ হামলার উৎস কোথায় তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, সিরিয়া অবশ্যই তার প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে।
এদিকে তুরস্কের সেনাবাহিনীকে সীমান্তে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরে হামলা চালানোর জন্য পাঁচ বছরের অনুমোদন দেওয়ার বিষয়ে বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।
মূলত ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি জঙ্গিদের ঘাঁটিগুলোতে আঘাত হানার জন্য এ অনুমোদন দেওয়ার কথা ছিলো। তবে এখন তাতে সিরিয়াকেও অন্তর্ভুক্ত করা হবে বলে তুরস্কের এক টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে দেশটির সরকারী দলের উপপ্রধান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩১৪ ঘ.
bdnews24