২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ার কিসমায়ুতে ঢুকেছে সেনা

সোমালিয়ার সরকারি ও আফ্রিকান ইউনিয়নের সেনারা সোমবার কিসমায়ু বন্দরনগরীতে ঢুকেছে বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

মোগাদিসু, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ার সরকারি ও আফ্রিকান ইউনিয়নের সেনারা সোমবার কিসমায়ু বন্দরনগরীতে ঢুকেছে বলে খবর পাওয়া গেছে। আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে কিসমায়ুতে এটাই প্রথম সেনা সমাবেশ। আল-কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গিরা আফ্রিকান ইউনিয়নের সেনাদের জল, স্থল ও বিমান হামলার মুখে গত শুক্রবার কিসমায়ু থেকে সরে যায়। কিন্তু আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় লড়াইয়ে নিয়োজিত কেনিয়ার সেনারা সেখানে প্রবেশ করা নিয়ে সতর্ক ছিল। সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় জুবা অঞ্চলে সরকারি বাহিনীর মুখপাত্র মোহাম্মদ ফারাহ বলেছেন, বিদ্রোহীরা কিসমায়ুতে বিস্ফোরক পেতে রাখতে পারে আশঙ্কায় কেবলমাত্র কৌশলগত অবস্থান গুলোতে ধাপে ধাপে সেনা মোতায়েন করা হচ্ছে। রয়টার্সকে ফারাহ জানান, বিমানবন্দর এবং সমুদ্রবন্দর তাদের নিয়ন্ত্রণে। শহরের নিয়ন্ত্রণও তাদের হাতে থাকায় আপাতত কোনো তাড়া নেই। শহরটিকে জনগণের জন্য নিরাপদ করতেই সেখানে সেনা মোতায়েন হয়েছে বলে জানান তিনি। বিবিসি’র খবরে বলা হয়েছে, কিসমায়ুর একটি পুলিশ স্টেশনে প্রায় ১শ সেনাকে অবস্থান নিতে দেখার কথা জানিয়েছেন স্থানীয় এক আদিবাসী বায়োজ্যেষ্ঠ। সুউচ্চ একটি ভবনে তারা ঘাঁটি গাড়ছে বলেও জানান তিনি। ওদিকে, আল শাবাব গোষ্ঠী কিসমায়ু ছেড়ে গেলেও হুমকি দিয়ে বলেছে, সেনারা সেখানে ঢুকলে এলাকাটিকে রণক্ষেত্রে পরিণত করবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৫ঘ.