ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিশাচর প্রাণী বাদুর চাঁদের আলোতে বের হতে ভয় পায় বলে জানিয়েছেন মেক্সিকোর একদল গবেষক।
পৃথিবীর সব অঞ্চলের বাদুরের মধ্যেই ‘চাঁদের আলোকে ভয় পাওয়ার’ এ প্রবণতা দেখা যায় বলে জানিয়েছেন তারা।
‘ম্যামালিয়া বায়োলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় বলে সোমবার জানিয়েছে বিবিসি।
বিভিন্ন নিশাচর প্রাণী ও বাদুরের জীবনপ্রণালী ও আচরণ নিয়ে পূর্ববর্তী বিভিন্ন গবেষণার ফলাফলও পর্যালোচনা করা হয় এ গবেষণায়।
প্রতিবেদনটিতে বলা হয়, গবেষণায় দেখা গেছে চাঁদের আলোতে উজ্জ্বল রাতগুলোতে বাদুরদের ক্রিয়াশীলতা কমে যায়। এমনকি খাদ্য জোগাড়ের চেষ্টাও কমে যায় এসব রাতে।
আলোকোজ্জ্বল রাতগুলোতে শিকারীদের হাতে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকায় বাদুরদের এ ভীতি তৈরি হয় বলে মনে করছেন গবেষকরা।
গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক ও মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির জীববিজ্ঞানী রোমিও সালদানা-ভাসকেজ বলেন, চাঁদের আলো সহজে পৌঁছায় এ ধরনের স্থানে যেসব বাদুরের আবাসস্থল সেসব বাদুরের তুলনায় গভীর আঁধার জায়গায় থাকা বাদুরগুলো বেশি সক্রিয় হয়। আঁধার কমতে থাকার সঙ্গে সঙ্গে বাদুরদের সক্রিয়তাও কমতে থাকে।
আবার গভীর জঙ্গলে থাকা বাদুরদের তুলনায় কৃত্রিম আবাসস্থলে থাকা বাদুরদের মদ্যে চাঁদের আলোভীতি বেশ কম দেখা যায়।
তবে অনেক উঁচু গাছের মাথার দিকে বসবাস করা একটি মাত্র প্রজাতির বাদুরের মধ্যে চাঁদের আলো প্রতি কোনো ভীতির লক্ষণ পাওয়া যায়নি বলে জানান সালদানা-ভাসকেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১১২৫ ঘ.
bdnews24