অসলো, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রের পানিতে অক্সিজেনের পরিমাণ ক্রমেই কমতে থাকায় ২০৫০ সালের মধ্যে বিভিন্ন মাছের গড় আকার ছোট হয়ে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
এর ফলে মাছের ধরার পরিমাণও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে গবেষণায় বেরিয়ে এসেছে।
রোববার নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এত বলা হয়, বর্তমানে সমুদ্র থেকে আহরিত কড, প্লেইস, হ্যালিবাট, ফ্লাউন্ডারসহ প্রায় ৬শ’ প্রজাতির মাছের আকার ২০৫০ সালের মধ্যে ১৪ থেকে ২৪ শতাংশ কমে যাবে।
গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক ও কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার গবেষক উইলিয়াম চেয়ং বলেন, এর ফলে প্রাকৃতিক খাদ্যচক্র ও সারা বিশ্বে প্রোটিনের যোগানে ব্যাপক প্রভাব পড়বে। গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাসে ব্যর্থতা সামুদ্রিক খাদ্যচক্রে পূর্বের ধারণার চেয়েও বেশি প্রভাব ফেলবে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, মাছের আকার যতো বড় হয়, তাদের ততো বেশি অক্সিজেন প্রয়োজন হয়। আবার মাছের বৃদ্ধির জন্যও পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন। অক্সিজেনের অভাবে এক পর্যায়ে মাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়।
তাছাড়া সমুদ্রের পানির তাপমাত্রা ক্রমেই উষ্ণতর হতে থাকায় এতে মাছেদের বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। ফলে এ প্রজাতিটি উত্তর ও দক্ষিণ মেরুর শীতল সমুদ্রে সরে যাবে।
এতে বলা হয়, ভারত মহাসাগরের মাছের আকার প্রায় ২৪ শতাংশ, আটলান্টিক মহাসাগরে ২০ শতাংশ এবং প্রশান্ত মহাসাগরে ১৪ শতাংশ হ্রাস পাবে। এ তিনটির মধ্যে ভারত মহাসাগরে গ্রীষ্মমণ্ডলীয় জলের পরিমাণ সবচেয়ে বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২৬ ঘ.
bdnews24