জেনেভা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রেনেসাঁ যুগের চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির বিশ্বখ্যাত ছবি ‘মোনালিসা’র ‘আসল’ রূপের আরেকটি সংস্করণ প্রদর্শিত হচ্ছে জেনেভায়।
গত বৃহস্পতিবার থেকে সুইজারল্যান্ডভিত্তিক একটি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে প্রদর্শিত হওয়া এ চিত্রকর্মটিও লিওনার্দোর নিজের হাতে আঁকা বলে দাবি করেছেন শিল্প বিশেষজ্ঞদের একটি দল।
জেনেভায় এক সংবাদ সম্মেলন বিশেষজ্ঞ দলটি দাবি করেন, প্যারিসের লুভর জাদুঘরে প্রদর্শনীতে থাকা বিখ্যাত শিল্পকর্ম ‘মোনালিসা’য় যে নারীর ছবি আঁকা হয়েছে, একই নারীর অন্তত ১০ বছর কম বয়সী অবস্থায় প্রদর্শিত চিত্রকর্মটি আঁকা হয়।
এ বিশেষজ্ঞ দলে রয়েছেন একজন মার্কিন পদার্থবিজ্ঞানী, একজন ফরেনসিক ইমেজিং বিশেষজ্ঞ এবং শিল্পী লিওনার্দো বিষয়ে বিশেষজ্ঞ একজন ইতালীয় নাগরিক।
‘আইলওয়ার্থ মোনালিসা’ নামে পরিচিত নতুন এ চিত্রকর্মটি বিষয়ে ৩০ বছর ধরে চলে আসা গবেষণা কর্ম নিয়ে ৩০০ পৃষ্ঠার একটি প্রকাশনাও রয়েছে। এতে বলা হয়েছে, ১৫০৩ থেকে ১৫০৫ সালের মধ্যে কোনো এক সময় এ ছবিটি আঁকা হয়, তবে এটি অসমাপ্ত অবস্থায় রয়েছে।
প্যারিসে থাকা বিশ্বখ্যাত মোনালিসার চেয়ে আকারে সামান্য বড় এ ছবিটিতে ‘কমবয়সী মোনালিসা’ একই ভঙ্গিতে দাঁড়িয়েছে, দু’টি ছবিতে তাদের হাসির ভঙ্গিও একই রকম। এমনকি ছবির পশ্চাদপটের জ্যামিতিক অনুপাতও সমান।
ইতালির ফ্লোরেন্সের অভিজাত ব্যক্তি ফ্রানসেস্কো দেল জিয়াকোনদোর জন্য তার স্ত্রী লিসা গেরারদিনির একটি ছবি আঁকেন লিওনার্দো, কিন্তু ছবিটি শেষ করার আগেই তিনি ফ্রান্সে চলে যান।
প্যারিসে প্রদর্শিত ‘মোনালিসা’ ছবিটি আঁকা হয় ১৬১৫ সালে। ১৬১৯ সালে লিওনার্দোর মৃত্যুর পরে তার অন্যান্য জিনিসপত্রের সঙ্গে এ চিত্রকর্মটিও ফ্রান্সের রাজা প্রথম ফ্রাঁসোয়ার অধিকারে চলে যায়। পরে সেখান থেকেই লুভরে স্থান পায় এটি।
‘কমবয়সী মোনালিসা’র ছবিটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯১৩ সালে। ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলের এক জমিদার বাড়ি থেকে এটি উদ্ধার করেন ব্রিটিশ শিল্প সংগ্রাহক ও চিত্রশিল্পী হিউ ব্ল্যাকার। ওই বাড়ির দেয়ালে অন্তত ১৫০ বছর ধরে ছবিটি ঝুলছিলো বলে মনে করা হয়।
পরবর্তী ২০ বছর এটি লন্ডনের উপশহর আইলওয়ার্থে ব্ল্যাকারের বাড়িতে রাখা ছিলো চিত্রকর্মটি। এখান থেকেই ‘আইলওয়ার্থ মোনালিসা’ নামে পরিচিত হয়ে ওঠে এ ছবিটি।
১৯৩৬ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত বিশ্বের শিল্পবোদ্ধাদের কাছে এ মোনালিসার সত্যতা প্রমাণের চেষ্টা চালিয়ে যান ব্ল্যাকার।
সুইজারল্যান্ডভিত্তিক মোনালিসা ফাউন্ডেশনের প্রধান মার্কাস ফ্রে বলেন, প্রাপ্ত তথ্যেসমূহের মাধ্যমে এ চিত্রকর্মটির ব্যাপারে দাবিগুলোর সত্যতা নিশ্চিত হওয়া যায়। তবে এর সঙ্গে মোনালিসা ফাউন্ডেশনের কোনো আর্থিক সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি।
বিশেষজ্ঞ দলের সদস্য ইতিহাসবিদ স্ট্যানলি ফেল্ডম্যান বলেন, যারা এ চিত্রকর্মটির সত্যতা নিয়ে সন্দেহ করছেন তারা এটি না দেখেই মন্তব্য করছেন। জেনেভায় এসে এ চিত্রকর্মটি নিয়ে গবেষণা করার আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১১ ঘ.
bdnews24