২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকেই ভোট দিতেন শ্যাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ যুক্তরাষ্ট্রের নাগরিক হলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ডেমক্রেটিক দলীয় প্রার্থী বারাক ওবামাকে ভোট দিতেন। আর ওবামা ভেনেজুয়েলার নাগরিক হলে শ্যাভেজকেই ভোট দিতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 07:40 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

কারাকাস, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ যুক্তরাষ্ট্রের নাগরিক হলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ডেমক্রেটিক দলীয় প্রার্থী বারাক ওবামাকে ভোট দিতেন। আর ওবামা ভেনেজুয়েলার নাগরিক হলে শ্যাভেজকেই ভোট দিতেন। রোববার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে শ্যাভেজ এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা, দু’টি দেশেই সামনে প্রেসিডেন্ট নির্বাচন। ভেনেজুয়েলায় ৭ অক্টোবর, যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বর। দু'দেশেই বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী। উভয় প্রার্থীকেই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী জরিপে ওবামা এগিয়ে থাকলেও তেমন একটা পিছিয়ে নেই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি। আর ১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী শ্যাভেজকে ঠেকাতে এবার ত্রিশটি রাজনৈতিক দল একজোট হয়ে হেনরিক ক্যাপরিলেসকে একক প্রার্থী করেছে। নির্বাচনী মাঠের এই কঠিন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে শ্যাভেজ বলেছেন, তিনি নিশ্চিত ওবামার মানসিক অবস্থাও তার মতোই। ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০০৯ সালে তাকে স্বাগত জানিয়েছিলেন শ্যাভেজ। কিন্তু পরবর্তী সময়ে ওবামার কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে তার কঠোর সমালোচকে পরিণত হন। কিন্তু সবাইকে অবাক করে শ্যাভেজ জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হলে ভোটটি ওবামাকেই দিতেন। “আমার আশা ওবামার এতে কোনো ক্ষতি হবে না, তবে আমি যদি যুক্তরাষ্ট্রের নাগরিক হতাম তাহলে ওবামাকেই ভোট দিতাম,” বলেন তিনি। “ওবামা একজন ভালো মানুষ...আমি মনে করি ওবামা যদি বার্লোভেন্টো বা কারাকাসের বাসিন্দা হতেন, তিনি শ্যাভেজকে ভোট দিতেন,” বলেন শ্যাভেজ। কারকাস ভেনেজুয়েলার রাজধানী আর বার্লোভেন্টো ভেনেজুয়েলার উপকূলীয় একটি শহর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর সমালোচকদের মধ্যে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট শ্যাভেজ অন্যতম। তার ১৪ বছরের শাসনামলের বেশিরভাগ সময়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক কূটনৈতিক টানাপড়েনের মধ্য দিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে “মাতাল” ও “শয়তান” বলে উল্লেখ করতেন তিনি। বুশের পরবর্তী প্রেসিডেন্ট ওবামার প্রতি হতাশ হয়ে তাকে আফ্রিকাবাসীদের “লজ্জা” বলে অভিহিত করেন। প্রেসিডেন্ট ওবামা জাতিতে একজন আফ্রিকান-আমেরিকান। কিন্তু এসব কিছু ছাপিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার বিজয় কামনা করেছেন শ্যাভেজ। ওবামা আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৫ ঘ.