২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে এক সন্তান হারানো বয়স্ক দম্পতিরা বিপাকে

চীনের এক সন্তান নীতির কারণে সন্তান হারানো বয়স্ক দম্পতিরা নিরাপত্তাহীন হয়ে পড়ছেন। একমাত্র সন্তান হারানোর পর দ্বিতীয় কোনো সন্তান নেওয়ার মতো বয়সও তাদের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 07:55 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চীনের এক সন্তান নীতির কারণে সন্তান হারানো বয়স্ক দম্পতিরা নিরাপত্তাহীন হয়ে পড়ছেন। একমাত্র সন্তান হারানোর পর দ্বিতীয় কোনো সন্তান নেওয়ার মতো বয়সও তাদের নেই। বিষয়টি নিয়ে সোমবার এনটিভি অনলাইন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বের ৭শ’ কোটি মানুষের মধ্যে এক চীনেরই জনসংখ্যা প্রায় ১৩০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় সাড়ে পাঁচ ভাগের এক ভাগ। এই বিপুল জনসংখ্যার রাশ টেনে ধরতে ১৯৭৮ সাল থেকে দেশটির সরকার এক সন্তান নীতি চালু করে যা ১৯৭৯ সাল থেকে বাস্তবায়িত হতে শুরু করে। কিন্তু পরবর্তী তিন দশকে অনেক দম্পতিই সন্তানহারা হন। তাদের অনেকেরই সন্তানই অকালে মারা যায়। সন্তান হারানো যে সব দম্পতির ইতিমধ্যেই যথেষ্ট বয়স হয়ে গেছে তারা দ্বিতীয় সন্তান নেওয়ার মতো শারীরিক অবস্থায় আর নেই। এসব দম্পতি ভরণপোষণ, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে যথাযথ খরচ বহন করতে পারছে না। সরকার থেকে তাদের যে ভাতা দেওয়া হয় তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উপার্জনক্ষম সন্তান হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত এসব দম্পতি। এদের মধ্যে যাদের আবার নিজেদেরও বাবা-মা (অর্থাৎ একসন্তানের দাদা-দাদী, নানা-নানী) আছে তারা আরো বেশি সঙ্কটে পড়েছেন। এক সন্তান নীতির কারণে নাতি কিংবা নাতনির ওপর নির্ভর করতে হয় তাদের দাদা-দাদী ও নানা-নানীকে। এই চারজনের সঙ্গে বাবা-মা যোগ হয়ে মোট ছয়জন বয়স্ক মানুষের দায়িত্ব নিতে হয় একজন উপার্জনক্ষম চীনা নাগরিককে। চীনে বিষয়টি ৪-২-১ সমস্যা হিসেবে পরিচিত। কিন্তু পরিবারের উপার্জনক্ষম এই একমাত্র মানুষটি রোগে ভুগে বা দুর্ঘটনায় মারা গেলে অসহায় হয়ে পড়ে পুরো পরিবারটি। চীনে এ ধরনের সন্তানহীন পরিবারের সংখ্যা বর্তমানে প্রায় দশলাখ। আগামী ২০ থেকে ৩০ বছরে এ সংখ্যার সঙ্গে আরো চল্লিশ লাখ থেকে সত্তর লাখ সন্তানহীন পরিবার যোগ হবে। এ ধরনের অসহায় পরিবারগুলোকে সরকার সহায়তা করার চেষ্টা নিলেও বাস্তব প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। এসব বিবেচনায় চীনে একটি সামাজিক সঙ্কট ঘনিয়ে আসছে বলে ধারণা বিশ্লেষকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫২ ঘ.