২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র ঠান্ডায় ইউরোপে ৩২ জনের মৃত্যু

পূর্ব ইউরোপ জুড়ে ভারী তুষারপাত ও হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 06:27 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঔন্ডন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব ইউরোপ জুড়ে ভারী তুষারপাত ও হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনে ১৮ জন, পোল্যান্ডে ১০ জন, সার্বিয়ায় ৩ জন এবং বুলগেরিয়ায় ১ জন মারা গেছে বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেনের জরুরী পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, মৃতদের মধ্যে ১২ জন গৃহহীন- তাদের দেহ রাস্তায় পাওয়া গেছে। অন্যদিকে, পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মালগোরযাতা ওজনিয়াক জানিয়েছেন, যারা মারা গেছে তারা বৃদ্ধ ও গৃহহীন মানুষ। ওদিকে সার্বিয়ার পুলিশ জানিয়েছে, তুষারে ঢাকা পড়ে একজন নারী ও দুই জন বয়স্ক পুরুষ মারা গেছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানান, ঠাণ্ডাজনিত অসুস্থতার কারণে মাত্র তিনদিনে চিকিৎসার শরণাপন্ন হয়েছে প্রায় ৫শ মানুষ। সংবাদ সংস্থা এ্যসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, ইউক্রেনে এখন তাপমাত্রা কমে দিনে মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস (৩ ডিগ্রি ফারেনহাইট) এবং রাতে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ১০ ডিগ্রি ফারেনহাইট) নেমে এসেছে। অন্যদিকে, পোল্যান্ডে গত শুক্রবার থেকে তাপমাত্রা কমে মাইনাস ২৬ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ১৫ ডিগ্রি ফারেনহাইট) দাঁড়িয়েছে। আর পোল্যান্ড তাদের আবহাওয়া পূর্বাভাসে সতর্ক করে দিয়ে জানিয়েছে, এ সপ্তাহে তাপমাত্রা আরো কমে দিনে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যেতে পারে। এপি জানায়, দুর্গত মানুষের সহায়তার জন্য বুলগেরিয়ার রাজধানী সোফিয়া এবং চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে খাদ্য ও উষ্ণতা প্রদানের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০০১৭ঘ.