লিমা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেরুতে সোমবার সকালে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানী লিমা থেকে প্রায় ১৭০ মাইল দক্ষিণপূর্বে আইকা শহর থেকে ৯ মাইল দক্ষিণপূর্বে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। গ্রিনিচমান সময় সকাল ৫টায় ভূমিকম্প হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্পের ফলে উপকূলীয় শহর লিমার ভবনগুলো কেঁপে উঠে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থানরত মানুষেরা ভূমিকম্পের সংকেত পেয়ে বাড়ি ঘর ছেড়ে বের হয়ে আসে বলেও স্থানীয় রেডিও জানায়।
আইকার বাসিন্দা ব¬াঙ্কা কাবানিলা স্থানীয় রেডিওকে বলেন, “ভয়াবহ ভূমিকম্প হয়েছে, আমরা সত্যিই ভয় পেয়েছি। ২০০৭ সালের ভূমিকম্পের মতোই মনে হয়েছে।
২০০৭ সালে পেরুতে রিখটার স্কেলে ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ মারা যায়। এছাড়া হাজার হাজার বাড়িঘর ভেঙ্গে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩১৫ ঘ.
bdnews24