২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের সঙ্গে আলোচনার পরিকল্পনা কারজাইয়ের

শান্তি আলোচনা শুরু করতে সৌদি আরবে তালেবানদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

আফগানিস্তান, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তি আলোচনা শুরু করতে সৌদি আরবে তালেবানদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। কাতারে তালেবান কার্যালয় খোলার আগে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বৈঠক হবে বলে পশ্চিমা ও আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। তালেবানরা এর আগে প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারকে স্বীকৃতি জানাতে নারাজ ছিলো। কিন্তু এখন তারা সরকারের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছে বলে জানিয়েছেন কাবুলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এ ব্যাপারে বিবিসি তালেবান গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তালেবানরা এ পর্যন্ত কেবলমাত্র যুক্তরাষ্ট্র এবং কাবুল সরকারের অন্যান্য মিত্রদলগুলোর সঙ্গে আলোচনা করার ওপরই জোর দিয়ে এসেছে। আফগান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি কে বলেছেন, “কাতারে তালেবান কার্যালয় খোলা হলেও এ অঞ্চলে সৌদি আরব ও তুরস্কসহ অন্যান্য জায়গায়ও আমাদের শান্তি প্রচেষ্টা চলবে।” তিনি আরো বলেন, সৌদি আরব অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা একে মূল্য দেই। সেইসঙ্গে আমরা শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রাখাসহ তাদের অব্যাহত সমর্থন চাই। যুক্তরাষ্ট্র এবং কাতার আফগানিস্তান সরকারের সঙ্গে পুরোপুরি আলোচনা না করেই শান্তি প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হওয়ায় কারজাই ক্ষুব্ধ হয়েছিলেন। ডিসেম্বরে তিনি দোহা থেকে আফগান রাষ্ট্রদূত ফিরিয়ে নেন। এ পরিস্থিতি সামাল দিতে খুব শিগগিরিই কাতার থেকে একটি প্রতিনিধিদল কাবুলে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৮ঘ.