আম্মান, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজধানী দামেস্কের শহরতলী পুনর্দখলের লড়াইয়ে নেমেছে হাজার হাজার সিরীয় সেনা। রোববার ওই অঞ্চলগুলো দখল নেয় বিদ্রোহীরা।
সিরীয় সেনাদের অভিযানে ওই অঞ্চলে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শহরের পূর্ব ও উত্তরের শহরগুলোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোয় চলছে ট্যাংক হামলা।
আরব লিগ সিরিয়া মিশন বন্ধ করে দেয়ার একদিন পর বিদ্রোহীদের ওপর এ হামলা শুরু হলো।
মানবাধিকার কর্মীরা জানায়, সকাল বেলা পূর্বাঞ্চলের গৌতায় বাসে করে প্রায় দুই হাজার সেনা, সাঁজোয়া যান ও অন্তত ৫০ টি ট্যাংক প্রবেশ করেছে। দামেস্কের উপকণ্ঠের সাকবা, হামোরিয়া ও কেফার বাতনার চারপাশ ঘিরে রাখতে এ বাহিনী পাঠানো হয়েছে।
কেফার বাতনার কেন্দ্রস্থলে সিরিয়া বাহিনী পৌঁছে গেছে এবং কেন্দ্রীয় চত্বরে চারটি ট্যাংক প্রবেশের কথাও তারা জানায়।
রাইদ নামের সাকবার এক কর্মী বলেন, “মসজিদগুলোতে স্থাপিত হাসপাতাল থেকে রক্ত চাওয়া হচ্ছে। তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে। পেট্রোল পাম্পগুলো খালি। জ্বালানি নিতে দেয়া হচ্ছে না।
শনিবার সিরীয় সেনাবাহিনী অভিযান শুরু করা থেকে এ পর্যন্ত ওই অঞ্চলগুলোতে ১৭ জন নিহত হয়েছে।
সিরিয়ায় প্রায় ১০ মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন চলছে।
আরব লিগ থেকে আসাদকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়। কিন্তু সিরিয়া তা প্রত্যাখ্যান করার পর মিশন প্রত্যাহার করে নিয়েছে আরব লিগ।
ওদিকে, রোববার নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছেন আরব লিগ প্রধান নাবিল আল আরাবি। মঙ্গলবার তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সামনে সিরিয়া বিষয়ে আরব লিগের প্রস্তাব উপস্থাপন করে এর প্রতি সমর্থন চাইবেন।
সিরিয়া বিষয়ে জাতিসংঘে নতুন সিদ্ধান্ত আনতে জোর তৎপরতা চালাচ্ছে আরব লিগ ও পশ্চিমা দেশগুলো।
জাতিসংঘের তথ্য মতে, সিরিয়ায় গত বছর মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ায় রক্তপাত বন্ধে করণীয় নিয়ে একটি প্রস্তাবের ওপর আলোচনা হয়। ওই প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মত দেয় ভেটো ক্ষমতা সম্পন্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া।
গত অক্টোবরেও চীনের সঙ্গে যৌথভাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে সিরিয়া সরকারবিরোধী একটি প্রস্তাব আটকে দেয় রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১২ঘ.
bdnews24