ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার নিহত শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের পাকিস্তানে অবস্থান করার বিষয়টি দেশটির কোনো না কোনো কর্তৃপক্ষ জানতো বলে মনে করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)’র এই সাবেক প্রধান একথা জানিয়েছেন বলে পাকিস্তানি সংবাদপত্র ডনের এক খবরে বলা হয়।
তবে এ বিষয়ে তার কাছে, ‘জোড়ালো প্রমাণ’ নেই বলেও তিনি স্বীকার করেন।
সিবিএসকে দেয়া ওই সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো জানান, অ্যাবোটাবাদের যে বাড়িতে বিশেষ কমান্ডো বাহিনীর অভিযানে ওসামা নিহত হন, ওই বাড়ির ওপর দিয়ে পাকিস্তানি সেনা হেলিকপ্টার উড়ে যাওয়ার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে।
প্যানেট্টা বলেন, “ওই বাড়িতে কি হচ্ছে কেউ না কেউ জানতো বলেই আমার ব্যক্তিগত ধারণা। বাড়িটির চারপাশে ১৮ ফুট উঁচু দেয়াল ছিল এটা ভুলে যাওয়া যাবে না। ওই এলাকার সবচেয়ে বড় বাড়ি ওটা।
তিনি আরো বলেন, “ওই বাড়িতে কি ঘটছে এ বিষয়ে কেউ না কেউ প্রশ্ন করেছে।”
আর এ কারণেই অভিযান সম্পর্কে পাকিস্তানকে আগে থেকে বলা হয়নি বলেও তিনি জানান।
সেইসঙ্গে ওসামার অবস্থান সম্পর্কে পাকিস্তানি এক চিকিৎসক গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে বলেও তিনি জানান।
২০১১ সালের ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনীর অভিযানে নিহত হন আল কায়েদা প্রধান বিন লাদেন।
সিবিএস’র ‘সিক্সটি মিনিট’ এ প্যানেট্টা আরো জানান, শাকিল আফ্রিদি নামের ওই পাকিস্তানি চিকিৎসকের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অ্যাবোটাবাদে অভিযান চালানো হয়।
রোববার অনুষ্ঠানটি স¤প্রচারের কথা রয়েছে।
শাকিল আফ্রিদি সিআইএ’র হয়ে ডিএনএ সংগ্রহ ও ওসামা বিন লাদেনের উপস্থিতি যাচাই করা বিষয়ক একটি টিকাদান কর্মসূচি চালাতেন।
লাদেনে উপস্থিতি সম্পর্কে তথ্য দেয়ার পর এ চিকিৎসককে রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত করা হয়েছে।
প্যানেট্টা ওই চিকিৎসককে নিয়ে ‘খুব উদ্বিগ্ন’ বলেও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩৭ ঘ.
bdnews24