ওয়াশিংটন, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপের ঋণ সংকটে মন্দার কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশ্ব অর্থনীতি।
আর তাই ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি ভিত্তিতে বড় ধরনের উদ্যোগ দরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার একথা বলেছে।
২০১২ সালে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের তিন মাসের ৪ শতাংশের তুলনায় কম ৩ দশমিক ৩ শতাংশ হবে বলে হিসাব দিয়েছে আইএমএফ।
ইউরোপে ঋণ সংকট চলতে থাকলে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি এর চেয়েও কম ১ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে বলেও আইএমএফ সতর্ক করেছে। তবে বলেছে, ২০১৩ সালে প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশে দাঁড়াতে পারে।
আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ অলিভিয়ার ব্ল্যানচার্ড এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “বিপদের মূলে আছে ইউরোপ। কিন্তু বাদবাকি বিশ্বও এর প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
“ইউরোপের সংকট বাড়লে আরো বড় ধরনের বিপদ ঘনিয়ে আসার আশঙ্কা আছে। আর এমন হলে বিশ্ব আরেক মন্দার কবলে পড়বে।”
কিন্তু সঠিক পদক্ষেপ নেওয়া হলে সবচেয়ে খারাপ পরিস্থিতিও এড়ানো সম্ভব হবে এবং অর্থনীতির চাকাও সচল রাখা যাবে বলে মন্তব্য করেন ব্ল্যানচার্ড।
তিনি আরো বলেন, “এ পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে, নেওয়া দরকার এবং জরুরি ভিত্তিতেই তা নেওয়া দরকার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৯ঘ.
bdnews24