২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে নিহত ৪০

পাপুয়া নিউগিনির পার্বত্য অঞ্চলের দু’টি গ্রামে মঙ্গলবার ভয়াবহ ভূমিধসে অন্ততপক্ষে ৪০ নিহত ও ২০ জন নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 08:26 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

পোর্ট মোরসবি, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- পাপুয়া নিউগিনির পার্বত্য অঞ্চলের দু’টি গ্রামে মঙ্গলবার ভয়াবহ ভূমিধসে অন্ততপক্ষে ৪০ নিহত ও ২০ জন নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে। মেনদি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জাতীয় দুর্যোগ কেন্দ্রের পরিচালক মার্টিন মোসি জানান। অস্ট্রেলিয়ার বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে এ এলাকায় আরো বেশি ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয় পার্লামেন্ট সদস্য ফ্রান্সিস পোটাপে। তিনি বলেন, ভোরে যখন ভূমিধসের ঘটনা ঘটে, তখন লোকজন ঘুমিয়ে ছিল। শিশুসহ বেশ কিছু মানুষ চাপা পড়েছে।” মোসি বলেন, “হতাহতের সংখ্যা নিয়ে দ্বিধা রয়েছে, এইজন্য তা যাচাই করা দরকার। আর এটা বড় ধরণের একটি ভূমিধস। তাই অনেক মানুষের নিহত হওয়ার আশঙ্কা করছি আমরা।” তিনি জানান, কর্মকর্তারা মেনদি শহরের উদ্দেশে রওয়ানা হয়েছেন। এখান থেকে তারা হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে যাবেন। সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানায়, প্রধানমন্ত্রী পিটার ও’নেইলও বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যাত্রা করেছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, পাপুয়া নিউগিনিতে ঘটা সবচেয়ে ভয়াবহ ভূমিধসগুলোর মধ্যে এটি অন্যতম। ভুমিধসে এখানকার প্রধান সড়ক বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে দুর্যোগ ব্যবস্থাপনার একটি দল সেখানে যাচ্ছে। ঘটনাস্থলে অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাস প্রকল্পের মুখপাত্র জানান, প্রকল্পের কর্মীদেরকে ডেকে পাঠানো হয়েছে। ওই এলাকায় কোম্পানির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানায়, ভূমিধস এলাকাটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ ও কয়েকশ’ মিটার প্রশস্ত। পাপুয়া নিউ গিনি সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে অস্ট্রেলীয় দূতাবাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩১৭ ঘ.