ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিভিশনের জন্য টক শো আয়োজনের ঘোষণা দিয়েছেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
গত কয়েক বছর যাবৎ অ্যাসাঞ্জ বিতর্কিত-গোপন যা কিছুই প্রকাশ করেছেন তার চেয়ে আরো বেশি কিছু থাকবে এই টিভি শোতে- উইকিলিকসের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে মঙ্গলবার এক খবরে বলে ভারতের টাইমস অব ইন্ডিয়া।
‘আগামীর পৃথিবী’ নামের টক শোটি আগামী মার্চের মাঝামাঝি প্রচার হবে বলা হলেও এর প্রযোজক বা কোন টেলিভিশনে এটি প্রচার হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
নারী নিপীড়নের অভিযোগে সুইডেনে হস্তান্তরের রায় মাথায় নিয়ে বর্তমানে যুক্তরাজ্যে নজরবন্দি থাকা অ্যাসাঞ্জ এ টক শো উপস্থাপন করতে পারবেন কি না সে বিষয়টিও স্পষ্ট নয়।
অ্যাসাঞ্জের উইকিলিক্স দুই বছর আগে যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক বার্তা প্রকাশ করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এর আগে ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচিত ভিডিও প্রকাশ করে ওয়েবসাইটটি।
টক শোতে কারা অংশ নেবেন সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। তবে ওই অনুষ্ঠানে দর্শকরা অ্যাসাঞ্জের চিরাচরিত ‘বিতর্কের’ আস্বাদ থেকে বঞ্চিত হবেন না নিশ্চিত।
উইকিলিক্সে মার্কিন গোপন কূটনৈতিক বার্তা ফাঁসের পর দু’জন সুইডিশ নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তোলেন যারা উইকিলিক্সেরই সাবেক স্বেচ্ছাসেবী।
তবে ওই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে দাবি করে তা অস্বীকার করে আসছেন তিনি।
দুই নারীর অভিযোগের প্রেক্ষিতে সুইডেন সরকার তাদের হাতে অ্যাসাঞ্জকে তুলে দিতে যুক্তরাজ্যের কাছে অনুরোধ জানায়। দেশটর হাই কোর্ট এ বিষয়ে সুইডেনের পক্ষে রায় দিলেও এর বিরুদ্ধে অ্যাসাঞ্জের আবেদন সুপ্রিম কোর্টে বিবেচনাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/পিডি/২২৪৭ ঘ.
bdnews24