টম্পা, ফ্লোরিডা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে হারের পর নতুন কৌশল নিয়ে মঙ্গলবার ফ্লোরিডায় প্রতিযোগিতায় টিকতে মরিয়া হয়ে উঠেছেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি।
জয় পেতে ফ্লোরিডা বিতর্কে শুধু প্রতিপক্ষ নিউ গিংরিচকে আক্রমণই নয়, ব্যক্তিগত করের হিসাব নিকাশও তুলে ধরেছেন তিনি।
এর আগে সাউথ ক্যারোলাইনার বিতর্কে রমনি কর বিষয়ক নথি প্রকাশে অস্বীকৃতি জানালে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিদ্বন্দ্বী গিংরিচ।
তারই রেশ ধরে জয়ের ক্ষেত্রে সব বাধা ডিঙাতে ব্যক্তিগত করের হিসাব দিলেন এই রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী মর্কিন রাজনীতিবিদ।
ফ্লোরিডায় বিতর্কের পর দুই বছরের করের নথি প্রকাশ করেছেন রমনি। এতে, ২০১০ ও ২০১১ সালের ৪২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার আয়ের জন্য রমনি ৬ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার কর দেবেন বলে হিসাব দিয়েছেন।
তাছাড়া, ২০১০ সালে ৩ মিলিয়ন ডলার ফেডারেল আয়কর দেওয়া হয়েছে এবং যা কর হয় তার সবই তিনি পরিশোধ করেন জানিয়ে আত্মপক্ষ সমর্থনেরও চেষ্টা করেছেন রমনি।
তিনি ২০১০ সালের করের নথি প্রকাশ করেছেন এবং ২০১১ সালের করের হিসাব দিয়েছেন- যার রিটার্ন এখনো দাখিল করেননি রমনি।
৩১ জানুয়ারি ফ্লোরিডায় প্রাইমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২১ জানুয়ারি সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে নিউ গিংরিচের কাছে বেশ বড় ব্যবধানে হারেন রমনি। তবে নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে জিতেছিলেন তিনি।
এখনও পর্যন্ত তিনটি রাজ্যের প্রাইমারি ও ককাসে তিনজন প্রার্থী জয়ী হওয়ায় প্রতিযোগিতায় সবাই আশা টিকিয়ে রেখেছেন।
বিডিনিউজ টোয়ে›ি টফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/১৯২৬ঘ.
bdnews24