দুবাই, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয়-সদস্যের উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষণ মিশন থেকে মঙ্গলবার তাদের পর্যবেক্ষক প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।
এর আগে সৌদি আরব আরব লিগ মিশন থেকে পর্যবেক্ষক প্রত্যাহার করেছে এবং সিরিয়ার ওপর ‘সম্ভাব্য সব ধরনের চাপ’ প্রয়োগের আহ্বান জানিয়েছে। এবার উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের অন্যান্য মিত্রদেশগুলোও একই সিদ্ধান্ত নিলো।
এক বিবৃতিতে জিসিসি বলেছে, সিরিয়ায় আরব লিগ মিশন থেকে পর্যবেক্ষক প্রত্যাহার করে নেওয়ার সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করে তারাও (জিসিসি) একই সিদ্ধন্ত নিয়েছে।
এতে আরো বলা হয়, “সিরিয়ায় রক্তপাত, নিরীহ মানুষ হত্যা চলবে এবং সিরিয়া সরকার আরব লিগের প্রস্তাবনাও মানবে না- এ ব্যাপারে জিসিসি নিশ্চিত।”
সহিংস দমনাভিযান বন্ধে দামেস্কর ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বানও জানিয়েছে জিসিসি।
সিরিয়ায় প্রায় ১০ মাস ধরে আসাদ বিরোধী আন্দোলন চলছে। আন্দোলন দমনাভিযানে হাজার হাজার সিরীয় নিহত হওয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রোববার পদত্যাগের আহ্বান জানায় আরব লিগ। কিন্তু সিরিয়া আরব লিগের প্রস্তাব প্রত্যাখান করেছে।
এর পরপরই জিসিসি সিরিয়ার ওপর চাপ সৃষ্টির ওই আহ্বান জানালো।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম জিসিসি’র এ পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, দেশকে অস্থিতিশীল করার বিদেশি ষড়যন্ত্রে যোগ দিয়েছে কয়েকটি আরব দেশ।
জিসিসি’র পর্যবেক্ষক প্রত্যাহারের ঘোষণার পর তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে পরিকল্পনার নতুন এ অধ্যায়ে রয়েছে পশ্চিমা এবং আরব দেশগুলো।
তিনি আরো বলেন, দামেস্কর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের শরণাপন্ন হয়ে সিরিয়া পরিস্থিতিকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা চালাচেছ আঞ্চলিক কয়েকটি দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০২১ঘ.
bdnews24