২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৮

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কানোতে শুক্রবার কয়েক দফা বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১৭৮ জন হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 06:27 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

কানো, জানুয়ারি ২২ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কানোতে শুক্রবার কয়েক দফা বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১৭৮ জন হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কানোর মুরতালা মোহাম্মদ হাসপাতালের একজন জ্যেষ্ঠ চিকিৎসক রোববার এ তথ্য জানান। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “দুটি প্রধান হাসপাতালে হামলায় ১৭৮ জন নিহত হওয়ার খবর আছে।” মুরতালা মোহাম্মদ ও অন্য একটি হাসপাতালের তথ্যের ভিত্তিতে তিনি এ কথা বলেন। “নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ এখনো অনেক মৃতদেহ হাসপাতালে পৌঁছায়নি এবং অনেকগুলো আগেই এসেছিলো যা হিসাবের মধ্যে আসেনি,” বলেন ওই চিকিৎসক। নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন রোববার ঘটনাস্থল পরিদর্শন করে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে কানোয় বোমা হামলা শুরু হয়। দেড় ঘণ্টা ধরে একর পর এক বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মুসলিম প্রধান প্রাচীন এই শহরটি। থানা ও পুলিশের উত্তরাঞ্চলের সদর দপ্তরে এসব হামলা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, “প্রথমে বোমা হামলা হয়। তারপর বন্দুকধারীরা পুলিশকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে এবং হামলার মুখে পুলিশ পিছু হটে।” নাইজেরিয়ার ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ হামলার দায় স্বীকার করেছে। আফ্রিকার এ দেশটিতে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বোকো হারাম। তাদের মতে, পাশ্চাত্য শিক্ষা পাপ। পুলিশ জানায়, কানো শহরের চারটি থানা, নিরাপত্তা বিভাগের সদর দপ্তর ছাড়াও কানোর পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসে হামলা হয়। শুক্রবারের ওই হামলার পর কানোয় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। রোববারও প্রাণহানি শুক্রবারের হামলায় ১৭৮ জন নিহত হওয়ার দুদিনের মাথায় রোববারও দেশটিতে সন্ত্রাসী হামলায় ১০ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, এদিন কানো সংলগ্ন বাউচি প্রদেশে সশস্ত্ররা একটি ব্যাংক ডাকাতির চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলিতে ১০ জন নিহত হয়। তহবিল সংগ্রহে গত বছর বেশ কয়েকটি ব্যাংক ডাকাতি করে বোকো হারাম গোষ্ঠীর সদস্যরা। পুলিশ কমিশনার ইকেচুকু আদুবা বলেন, “আজ সকালে একটি সেনা তল্লাসি চৌকি ও একটি হোটেলে হামলা চালিয়ে বন্দুকধারীরা ১০ জনকে হত্যা করেছে।” হামলায় এক পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনীর একজ কর্পোরাল ও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানান তিনি। বাউচি প্রদেশের দুটি গির্জায়ও বোমা হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। তবে তাতে হতাহতের বিষয়ে তাৎক্ষণিভাবে কিছু জানানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/০০১৪ ঘ.