কানো, নাইজেরিয়া, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কানোতে কয়েক দফা বোমা হামলা ও বন্দুকধারীর গুলিতে একশ’র বেশি মানুষ নিহত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে বোমা হামলা শুরু হয়। দেড় ঘণ্টা ধরে একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মুসলিম প্রধান প্রাচীন এই শহরটি। থানা ও পুলিশের উত্তরাঞ্চলের সদর দপ্তরে এসব হামলা হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, “একশ’র বেশি মানুষ নিহত হয়েছে। প্রথমে বোমা হামলা হয়। তারপর বন্দুকধারীরা পুলিশকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে এবং হামলার মুখে পুলিশ পিছু হটে।”
কানো হাসপাতালের কর্মকর্তারা জানান, এখনো হাসপাতালের মর্গে নিহতদের লাশ আসছে।
নাইজেরিয়ার ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ হামলার দায় স্বীকার করেছে। আফ্রিকার এ দেশটিতে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বোকো হারাম। তাদের মতে পাশ্চাত্য শিক্ষা পাপ।
শুক্রবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শহরের চারটি থানা, নিরাপত্তা বিভাগের সদর দপ্তর ছাড়াও কানোর পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসে হামলা হয়েছে।
কানোর দক্ষিণাঞ্চলের এক থানায় হামলার এক প্রত্যক্ষদর্শী জানান, একটি গাড়ি ও একটি মোটর সাইকেলে ছয় ব্যক্তি এসে এই হামলা চালায়। তারা থানার দিকে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/এএইচ/পিডি/০০২৩ ঘ.
bdnews24