২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুতে আরো এক শিশুর মৃত্যু

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বার্ড ফ্লুতে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 07:04 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বার্ড ফ্লুতে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। এ নিয়ে দেশটিতে ‘এইচ ওয়ান এন ফাইভ’ ভাইরাস বা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই জনে দাঁড়ালো বলে জানিয়েছে বিবিসি। নিহত দু’জন একই পরিবারের সদস্য এবং তারা ভাইরাসবাহী কবুতরের সংস্পর্শে এসেছিলো বলে মনে করা হচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ভিয়েতনামে এক ব্যক্তি ও কম্বোডিয়ায় দুই বছরের এক শিশু মারা গেছে। ভিয়েতনামের ১৮ বছর বয়সী ওই ব্যক্তি একটি হাঁসের খামারে কাজ করতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০১০ সালে এপ্রিলের পরে ভিয়েতনামে বার্ড ফ্লু’তে আক্রান্তের ঘটনা এটিই প্রথম। এ মৌসুমে প্রথম বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে মৃতের খবর পাওয়া যায় গত ৩১ ডিসেম্বর। চীনের শেনঝেন প্রদেশের এক বাসচালক এ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর ৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার জার্কাতায় ২৩ বছর বয়সী ওই ব্যক্তি মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ‘এইচ ওয়ান এন ফাইভ’ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪২ জন। ২০০৩ সালেই দক্ষিণপূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি ৫৯ জন নিহত হয় ভিয়েতনামে। শীত মৌসুমে ফ্লু’তে আক্রান্তের হার স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এ মৌসুমে হাঁস-মুরগিসহ বিভিন্ন গৃহপালিত পাখির মাধ্যমে মানুষের মধ্যে ‘এইচ ওয়ান এন ফাইভ’ ভাইরাস বা বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩০০ ঘ.