২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার জ্যেষ্ঠ নেতা নিহত

গত সপ্তাহে পাকিস্তানের অভ্যন্তরে দুই দফায় চালানো মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলার একটিতে আল কায়েদার অপারেশন অর্গানাইজার হিসেবে দায়িত্বরত জ্যেষ্ঠ এক জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত সপ্তাহে পাকিস্তানের অভ্যন্তরে দুই দফায় চালানো মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলার একটিতে আল কায়েদার অপারেশন অর্গানাইজার হিসেবে দায়িত্বরত জ্যেষ্ঠ এক জঙ্গি নিহত হয়েছে। মার্কিন এক কর্মকর্তা একথা জানান। নিহত ব্যক্তি হলেন অ্যাবোটাবাদের অধিবাসী ও পাকিস্তানি নাগরিক আসলাম আওয়ান। এই একই এলাকায় ২০১১ সালের মে মাসে আকস্মিক মার্কিন কমান্ডো হামলায় আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন। মার্কিন এক কর্মকর্তা বলেন, “আল কায়েদার ঊর্ধ্বতন এক্সটারনাল অপারেশনস প্ল্যানার (বহির্বিশ্বে হামলা পরিকল্পনাকারী) আসলাম আওয়ান পশ্চিমাদের বিরুদ্ধে হামলার বিষয়ে কাজ করছিলেন। তার মৃত্যুতে নিরীহ জনগণের ওপর আল কায়েদার হামলা পরিকল্পনাগুলো বাস্তবায়ন সীমিত হয়ে পড়বে।” মার্কিন ও পাকিস্তানি সূত্র রয়টার্সকে জানায়, গত ১০ জানুয়ারি সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের কাছে মিরানশাহ শহরে আসলামকে লক্ষ করে এ হামলা চালানো হয়। সূত্র জানায়, আল কায়েদার বর্তমান নেতৃত্বের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আসলাম। অপর একটি সূত্র আসলামকে আল কায়েদার বর্তমান চিফ অব এক্সটারনাল অপারেশনস’র ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আখ্যায়িত করেছে যার পরিচয় গোয়েন্দারা জানলেও সাধারণ জনগণ জানতো না। তবে পাকিস্তানের কর্মকর্তারা ড্রোন হামলায় আসলামের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নি। আট সপ্তাহের বিরতির পর যুক্তরাষ্ট্রের চালানো দুটি ড্রোন হামলার অপরটিও উত্তর ওয়াজিরিস্তানেই চালানো হয়। তালেবান ও আল কায়েদার প্রতি সমব্যাথী ‘বিদেশি যোদ্ধাদের’ লক্ষ করে গত ১২ জানুয়ারি এ হামলা চালানো হয়। মার্কিন সূত্র জানায়, এই জঙ্গিরা আফগানিস্তানের কাছে পাকিস্তানের সীমান্ত এলাকায় সম্ভাব্য হামলা চালাতে দেশটিতে সফর করছিলো বলে তাদের অনুমান। ড্রোন হামলায় এদের কয়েকজন আহত বা নিহত হয়েছে। এর আগেও আল কায়েদার এক্সটারনাল অপারেশনস’র অভিযুক্ত প্রধানদের বিভিন্ন সময় আটক অথবা ড্রোন বা সন্ত্রাসবিরোধী অভিযানে হত্যা করা হয়েছে। আর এদের মধ্যে অন্যতম হলো ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৭ ঘ.