তেহরান, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পরমাণু কর্মসূচি নিয়ে শিগগিরিই বৈঠক শুরু করতে বিশ্বশক্তিগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ইরান।
তবে ওয়াশিংটন এবং ইউরোপীয় ইউনিয়ন একথা অস্বীকার করেছে এবং তেহরানকে আলোচনার জন্য প্রস্তুত থাকার বিষয়টি জানান দিতে বলেছে।
ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর পরমাণু আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ কেবলই বাড়ছে।
পশ্চিমা দেশগুলোর সন্দেহ ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান তাদের এ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলেই দাবি করে আসছে।
ইরানের পরমাণু কর্মসূচি রুখতে দেশটির ওপর নিষেধাজ্ঞা কঠোর করার চেষ্টা চালাচ্ছে ইইউ। বিশেষ করে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা-ভাবনা চলছে।
এ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তেহরানে একটি চিঠি দিয়ে আলোচনায় প্রস্তুত থাকার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে ইরানি রাজনীতিবিদরা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি তুরস্ক সফরকালে সাংবাদিকদের বলেছেন, “বৈঠকের স্থান ও দিন নিয়ে আলোচনা চলছে। খুব সম্ভবত ইস্তাম্বুলে আলোচনা হবে। তবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আলোচনার দিনও এখনো নির্ধারণ হয়নি। তবে তা খুব শিগগিরই হবে।”
তবে ওয়াশিংটন পরমাণু আলোচনা শুরু করা নিয়ে নতুন কোনো আলোচনা চলার কথা অস্বীকার করেছে। আর তেহরানে ওবামার চিঠি পাঠানোর ব্যাপারেও তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বুধবার বলেছেন, “আলোচনা নিয়ে এ মুহূর্তে কোনো আলাপ-আলোচনা চলছে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪১ঘ.
bdnews24