আম্মান, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্দোলনকারীদের সঙ্গে একটি সমঝোতা চুক্তির পর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা লেবানন সীমান্তবর্তী শহর থেকে সেনা প্রত্যাহার করেছে সিরিয়া। বিরোধী পক্ষের এক ঊর্ধ্বতন নেতা বৃহস্পতিবার একথা জানান।
বিরোধী দলীয় নেতা কামাল আল-লাবওয়ানি রয়টার্সকে বলেন, জাবাদানি শহরকে ঘিরে থাকা ট্যাংক ও সাঁজোয়া যানগুলো বুধবার রাতে প্রত্যাহার করে ৮ কিলোমিটার দূরে একটি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে।
তবে তিনি এও বলেন, “যেকোনো সময় জাবাদানিতে হামলা পুনরায় শুরু হতে পারে। কেননা তারা হয়তো সেনার পরিবর্তে আরো অনুগত বাহিনী দিয়ে শহরে হামলা চালাতে চাইছে।”
শুক্রবারও প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী শহরটিতে হামলা চালায়।
জাবাদানি থেকে সেনা প্রত্যাহার বিষয়ে সিরীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সেইসঙ্গে সিরীয় গণমাধ্যমও এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রচার করেনি।
আরব লিগ পর্যবেক্ষকরা সিরিয়ায় সরকারি বাহিনীর দমনপীড়ন বন্ধে ব্যর্থ হওয়ায় বুধবার দেশটির ওপর নিষেধাজ্ঞা কঠোর করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। সেইসঙ্গে ইরান ও হিজবুল্ল¬াহ আসাদকে সহায়তা করছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেন, “ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পত্তি জব্দসহ সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্যকে নেতৃত্ব দিতে হবে।”
ওদিকে, সিরিয়ার ওপর যেকোনো ধরনের পশ্চিমা আগ্রাসনের বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
গত বছর মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন চলছে। জাতিসংঘ তথ্যানুসারে আন্দোলনে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। অপরদিকে, প্রায় ২ হাজার সেনা প্রাণ হারিয়েছে বলে সিরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৫ঘ.
bdnews24