লন্ডন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সারাবিশ্বে গর্ভপাত কমার হার থেমে গেছে। আর অনিরাপদ গর্ভপাত ও নারীদের জীবন ঝুঁকিতে পড়ার হার বাড়ছে ক্রমশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও গুটমাচার ইন্সটিটিউটের গবেষকদের পরিচালিত এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার ল্যানচেট মেডিকেল জার্নালে গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
যৌনতা ও প্রজনন স্বাস্থ্যের ওপর পরিচালিত এ গবেষণা শেষে গবেষকরা জানান, ১৯৯৫-২০০৩ সালে গর্ভপাত কমার গতি এবং সারাবিশ্বে জন্মনিরোধক ব্যবহার বৃদ্ধির গতি অপরিবর্তনীয় রয়েছে।
গবেষণার নেতৃত্বদানকারী গিলবা সেদঘ লন্ডনে এক সংবাদ সম্মেলনে বলেন, “উন্নয়নশীল দেশগুলোতে গর্ভপাত বৃদ্ধির হার বাড়তে দেখেছি যেখানে এ পদ্ধতিটি হলো অনিরাপদ।”
১৯৯৫-২০০৩ সালে সারা বিশ্বের সন্তান জন্মদানে সক্ষম (১৫-৪৪ বছর বয়সী) প্রতি হাজার নারীর গর্ভপাতের হার ৩৫ থেকে থেকে কমে ২৯-এ এসে দাঁড়ায়। আর বর্তমান গবেষণায় দেখা যায়, ২০০৮ সালে বৈশ্বিক গর্ভপাতের হার ছিলো প্রতি হাজার নারীতে ২৮ জন, ২০০৩ সালের পর্যায় থেকে একে অপরিবর্তনীয়ই বলা চলে।
প্রধান গবেষক বলেন, “গর্ভপাতের হার ও জন্মনিরোধক ব্যবহারের নিম্নগতি একইসঙ্গে চলছে।”
সেদঘ জানান, ১৯৯৫ সালে অনিরাপদ গর্ভপাতের হার ৪৪ শতাংশ থাকলেও ২০০৮ সালে আশঙ্কাজনকভাবে তা বেড়ে ৪৯ শতাংশে দাঁড়িয়েছে।
গবেষকরা জানান, গর্ভপাতের হার কমা সত্ত্বেও ২০০৮ সালে সারা বিশ্বে মোট ৪৩ দশমিক ৮ মিলিয়ন গর্ভপাত ঘটে। অথচ ২০০৩ সালে তা ছিলো ৪১ দশমিক ৬ মিলিয়ন। বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির কারণে এটি হয়েছে বলে জানান তারা।
২০০৩-২০০৮ সালে উন্নত দেশগুলোতে গর্ভপাত দশমিক ৬ শতাংশ কমলেও উন্নয়নশীল দেশে তা ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
২০০৮ সালে সারা বিশ্বের মধ্যে ল্যাটিন আমেরিকায় গর্ভপাতের হার সবচেয়ে বেশি ছিলো, প্রতি হাজার নারীতে ৩২টি। আফ্রিকা ও এশিয়ায় এটি ছিলো যথাক্রমে ২৯ ও ২৮। আর উত্তর আমেরিকা ও ওশেনিয়াতে এ হার ছিলো সবচেয়ে কম, যথাক্রমে ১৯ জন ও ১৭ জন।
প্রধান গবেষক জানান, গবেষণায় গর্ভপাতের হার ও ফলপ্রসূ জন্মনিরোধক ব্যবহার এবং গর্ভপাত হার ও আইনের মধ্যে জোড়ালো সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, “যেসব দেশে গর্ভপাত আইনটা বেশি মুক্ত সেসব দেশে স্পষ্টতই গর্ভপাতের হার বেশ কম।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪১২ ঘ.
bdnews24