২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তহবিল বাড়াতে চায় আইএমএফ

ইউরো জোনের ঋণ সঙ্কটে জর্জরিত দেশগুলোকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) নতুন উৎসের মাধ্যমে স্বীয় আর্থিক তহবিল দ্বিগুণ করার চেষ্টা করছে। কিন্তু এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরো জোনের ঋণ সঙ্কটে জর্জরিত দেশগুলোকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) নতুন উৎসের মাধ্যমে স্বীয় আর্থিক তহবিল দ্বিগুণ করার চেষ্টা করছে। কিন্তু এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রায় ৩৮ হাজার কোটি ডলার পর্যন্ত ঋণ দেওয়ার সামর্থ্য আছে আইএমএফ’র। এ সামর্থ্য ৬০ হাজার কোটি ডলার করার পরিকল্পনা করেছে আইএমএফ। এর জন্য আগামী দুবছর প্রায় ১ লাখ কোটি ডলার আর্থিক বিনিয়োগ প্রয়োজন হবে। কিন্তু যুক্তরাষ্ট্র ও কানাডা বুধবার বলেছে, ইউরোপের নিজস্ব ঋণ সঙ্কট নিজেদের আর্থিক সামর্থ্য দিয়েই কাটানো উচিত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের মুখপাত্র বলেন “আমরা বিশ্বাস করি ইউরোপের ঋণ সঙ্কটে আইএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে তা শুধুমাত্র ইউরোপের নিজস্ব আর্থিক সামর্থ্যরে সহযোগী হিসেবে। তবে ইউরো এলাকার বিকল্প হিসেবে নয়।” আইএমএফ’র এক মুখপাত্র বলেন, “আমাদের কর্মীদের হিসাবমতে বৈশ্বিক স্থিতিশীল আর্থিক খাতের জন্য আসছে বছরে প্রায় ১ লাখ কোটি ডলার দরকার। ৫০ হাজার কোটি অতিরিক্ত ঋণ তহবিল সৃষ্টির জন্যই ওই অর্থ প্রয়োজন। এই হিসাবের মধ্যে ইউরোপের প্রতিশ্র“ত ২০ হাজার কোটি ডলারও রয়েছে। “এই প্রাথমিক অবস্থায়, আমরা তহবিল সংগ্রহের জন্য চেষ্টা চালাচ্ছি এবং এ বিষয়ে আর কিছু জানাতে পারছি না,” বলেন তিনি। মঙ্গলবার এ বিষয়ে আইএমএফ’র একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন কয়েকজন জানান, আইএমএফ স্বীয় তহবিল মোট ৬০ হাজার কোটিতে নিয়ে যেতে চাচ্ছে। এর মধ্যে ১০ হাজার কোটি “প্রোটেকশন বাফার” হিসেবে থাকবে। যদি আর্থিক পরিস্থিতি বর্তমান হারে খারাপ হতে থাকে তাহলে আগামী দু’বছরে বৈশ্বিক আর্থিক খাতে ১ লাখ কোটি ডলার ঘাটতি তৈরি হতে পারে বলে জানান ওই সূত্রগুলো। তবে আইএমএফকে আরো তহবিল সরবরাহ করতে যুক্তরাষ্ট্র আবারো অস্বীকৃতি জানিয়েছে। “আমরা আমাদের আন্তর্জাতিক সহযোগীদের বলেছি, আইএমএফ’র জন্য অতিরিক্ত কোনো তহবিল যুগিয়ে দেওয়ার কোনো ভাবনা আমাদের নেই,” বলেন যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের ওই মুখপাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৭ ঘ.