২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তান পা রাখলেই মুশাররফ গ্রেপ্তার’

স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মুশাররফকে গ্রেপ্তার করা হবে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 06:37 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মুশাররফকে গ্রেপ্তার করা হবে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন। বুধবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি হাউজকে এই বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি, তিনি পাকিস্তানের মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। “তার বিরুদ্ধে তিনটি মামলা চলছে। তিনি মামলার আসামি।” পাকিস্তানের সংবাদপত্র ডন তাদের অনলাইন সংস্করণে মালিকের এই বক্তব্য প্রকাশ করেছে। গত ৮ জানুয়ারি করাচির এক রাজনৈতিক সমাবেশে দেওয়া টেলিফোন ভাষণে মুশাররফ বলেন, আগামী ২৭ থেকে ৩০ জুনের মধ্যে তিনি দেশে ফিরবেন। মুশাররফ পাকিস্তানে ফেরার পর কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা যাতে না ঘটে সেজন্য ২৭ থেকে ৩০ জানুয়ারি করাচির নিরাপত্তা জোরদার করাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। এদিকে মুশাররফের মাথার জন্য ১০ কোটি ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে বেলুচিস্তানের প্রয়াত জাতীয়তাবাদী নেতা আকবর বাগতির নাতি শাহজাইন বাগতি। রোববার সিন্ধু প্রদেশে শাহজাইন সাংবাদিকদের বলেন, “মুশাররফকে যে হত্যা করতে পারবে তাকে আমরা নগদ ১০ লাখ রুপি এবং ১০ কোটি রুপির একটি বাংলো উপহার দেবো। তার পুরো নিরাপত্তাও দেবো আমরা।” টেলিফোন ভাষণে মুশাররফ বলেন, “আমার জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আমি করাচি যাব। পাকিস্তানের জনগণের জন্য আমি জীবন উৎসর্গ করতে পারি।” ক্ষমতা হারানোর পর ২০০৯ সালে থেকে স্বেচ্ছা নির্বাসনে দুবাই ও লন্ডনে অবস্থান করছেন মুশাররফ। দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারপার্সন বেনজির ভুট্টো হত্যা মামলায় মুশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে এক রাজনৈতিক সমাবেশে সন্ত্রাসী হামলায় নিহত হন বেনজির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/০০৩৫ ঘ.