ইসলামাবাদ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মার্ক গ্রসম্যানের পাকিস্তান সফরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সরকার।
এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের অস্বস্তিকর সম্পর্ক আরো বাড়ারই আভাস পাওয়া যাচ্ছে।
অনুরোধ প্রত্যাখ্যানের কোনো কারণ জানাননি ওই কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, “রাষ্ট্রদূত গ্রসম্যান পাকিস্তান সফর করতে চেয়েছিলেন। কিন্তু আমরা তাকে জানিয়েছি যে, এ মুহূর্তে তা সম্ভব নয়।”
কয়েক বছরের মধ্যে বর্তমানে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। কিন্তু দু’দেশের মধ্যে উত্তেজনাকর সম্পর্কের কারণে প্রতিবেশী দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হচ্ছে।
আফগানিস্তানের সমস্যা সমাধানে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপুর্ণ। আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত গ্রসম্যানের এ সপ্তাহে কাতার এবং আফগানিস্তানে যাওয়ার কথা ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত বুধবার একথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১৩ঘ.
bdnews24