২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার এনটিসি সদর দপ্তরে বিক্ষোভকারীদের হামলা

বেনগাজিতে লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) সদর দপ্তরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এনটিসির চেয়ারম্যান মুস্তাফা আব্দুল জলিল এসময় সদর দপ্তরে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

বেনগাজি, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেনগাজিতে লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) সদর দপ্তরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এনটিসির চেয়ারম্যান মুস্তাফা আব্দুল জলিল এসময় সদর দপ্তরে উপস্থিত ছিলেন। লিবিয়ার ক্ষমতাচ্যুত ও নিহত সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহের সূচনাকারী বেনগাজির বাসিন্দারা গত এক সপ্তাহ ধরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছিল। ক্ষমতা থেকে গাদ্দাফি আমলের কর্মকর্তাদের অপসারণ ও রাষ্ট্রীয় সম্পদ ব্যয়ের ক্ষেত্রে এনটিসির স্বচ্ছতার দাবি জানাচ্ছিল তারা। নয় মাস ধরে গাদ্দাফির বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে অংশ নেওয়া এই বিক্ষোভকারীরা সরকারের প্রতিশ্র“ত আর্থিক সাহায্যের পরিমাণ নিয়ে অসন্তুষ্ট ছিল। তাদের অভিযোগ, এ সাহায্যে তাদের দৈনন্দিন চাহিদা পূরণ হবে না। শনিবার কয়েকশ’ তরুণ বিক্ষোভকারী এনটিসির সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশে সমবেত হয়। এদের মধ্যে অনেকে যুদ্ধাহতও ছিলো। সমাবেশ চলার এক পর্যায়ে এনটিসির চেয়াম্যান আব্দুল জলিল উপস্থিত বিক্ষোভকারীদের উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য বের হয়ে আসেন। এসময় বিক্ষুব্ধ কিছু মানুষ তার প্রতি প্ল¬াস্টিকের বোতল ছুঁড়তে থাকলে নিরাপত্তা রক্ষীরা তাদের লক্ষ করে কাঁদানে গ্যাস ছোঁড়ে। আব্দুল জলিল ভাষণ দেওয়ার সময় তারা “চলে যাও, চলে যাও,” বলে স্লে¬াগানও দেয়। ভাষণ শেষ না করেই জলিল আবার দপ্তরের ভিতর চলে যান। এর পরপরই জড়ো হওয়া বিক্ষোভকারীরা এনটিসির সদর দপ্তরের ওপর হামলা চালায়। বিক্ষোভকারীরা এনটিসির সদর দপ্তর লক্ষ করে পাথর ও ধাতব টুকরো ছুঁড়তে শুরু করে। লাউডস্পিকারে এক বিক্ষোভকারী এনটিসির নেতাদের “যুদ্ধ নষ্টকারী” বলে গালাগাল করে। এসময় আব্দুল জলিলের ব্যবহৃত ল্যান্ড ক্রুজার গাড়িটিতেও তারা ভাংচুর চালায়। হামলার সময় আব্দুল জলিলকে পেছনের দরজা দিয়ে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। সদর দপ্তরে চালানো এ হামলাকে এনটিসির প্রতি ক্রমবর্ধমান ক্ষোভ ও আস্থাহীনতা বলে দেখা হচ্ছে। দেশ পরিচালনায় এনটিসি পরিচালিত নীতি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র গাদ্দাফি প্রসাশনে কাজ করার কারণে কয়েকশ’ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া অসম্ভব ব্যাপার। এর আগে, বৃহস্পতিবার এনটিসির ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাফিজ ঘোগাকে বেনগাজি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লাঞ্ছিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.