ইসলামাবাদ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি বৃহস্পতিবার মুলতবি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
এদিন অবমনানার বিরুদ্ধে ব্যাখ্যা দিতে আদালতে হাজির হন গিলানি। মামলায় দোষী সাব্যস্ত হলে গিলানিকে ক্ষমতা ছাড়তে হতে পারে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা পুনরায় শুরু করা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ নির্দেশানুযায়ী গিলানি আদালতে হাজির হলে ১ ঘন্টার কিছু বেশি সময় শুনানি চলে। এরপর মামলা মুলতবি হয়ে যায় ১ ফেব্র“য়ারি পর্যন্ত।
গিলানি তার মন্ত্রিসভার মন্ত্রী এবং আইনজীবীদের সঙ্গে নিয়ে হাসিমুখে হাত নেড়ে সুপ্রিম কোর্টে হাজির হন।
এরপর ৭ বিচারকের কাছে দীর্ঘ উদ্বোধনী বক্তব্যে তিনি আদালত এবং পাকিস্তানের সংবিধানের প্রতি তার শ্রদ্ধা জানান।
তিনি বলেন, আদালতকে বৃদ্ধঙ্গুলি দেখানোর অভিপ্রায় তার নেই। বরং তিনি বিশ্বাস করেন যে, প্রেসিডেন্ট হিসাবে জারদারির বিচার থেকে অব্যাহতি পাওয়ার আইনি সুরক্ষা আছে।
গিলানি আদালতকে বলেন, “দেশ ও দেশের বাইরে তার (জারদারির) পূর্ণ আইনি সুরক্ষা আছে। আর সংবিধানেও প্রেসিডেন্টের পূর্ণ আইনি সুরক্ষার কথা বলা আছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”
তার এ বক্তব্যের পর আদালতের সাত সদস্য বিশিষ্ট বেঞ্চের বিচারক সারমাদ ওসমানি শুনানি মুলতবি করে বলেন, “পরবর্তী শুনানিতে আপনি আমাদের প্রেসিডেন্টের আইনি সুরক্ষার বিষয়টি বোঝাবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৭ঘ.
bdnews24