কায়রো, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে পার্লামেন্টের স্পিকার পদে মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি)’র উর্ধ্বতন এক নেতাকে সমর্থন দিচ্ছে মিশরের প্রভাবশালী রাজনৈতিক দলগুলো। আর ডেপুটি স্পিকার নির্বাচন করা হচ্ছে ইসলামি সংগঠন ও উদারপন্থী একটি দল থেকে।
বড় বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর এফজেপি’র প্রধান মোহাম্মদ মোরসি সোমবার একথা জানান।
সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী এফজেপি স্পিকার হিসেবে দলের মহাসচিব মোহামদ আল-খাতানির নাম প্রস্তাব করেছে। বৈঠকে দলগুলো প্রস্তাব মেনে নিয়ে ভোট দিয়েছে।”
দলগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী, ভোটে রানার আপ পর্যায়ে থাকা নুর পার্টি ও এরপরের দল থেকে দুজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
আগামী ২৩ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যরা স্পিকার ও দুজন ডেপুটি স্পিকার নির্বাচন করবে।
হোসনি মুবারককে ক্ষমতাচ্যুত করার পর মিশরে নতুন পার্লামেন্ট গঠিত হয়েছে।
এ পার্লামেন্টের প্রধান কাজ হবে নতুন সংবিধান প্রণয়নের জন্য ১শ’ সদস্যের একটি অ্যাসেম্বলি গঠন।
ইসলামপন্থীরা জানায়, ব্যাপকভিত্তিক সরকার এবং মিশরের জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটে এমন একটি সংবিধান চায় তারা।
ইসলামপন্থী আল-নূর পার্টির প্রধান এমাদ আব্দেল গফুর বলেন, “রাজনৈতিক এ প্রক্রিয়া থেকে কোনো রাজনৈতিক দলকে বাদ দেওয়া হবে না।”
নির্বাচনে মোট আসনের ২৩২ টিতে বা ৪৬ শতাংশ আসনে জয়ী হয়েছে এফজেপি। আর নূর পার্টি পেয়েছে ১১৩টি বা ২৩ শতাংশ আসন।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬১৪ঘ.
bdnews24