মস্কো, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার ব্যর্থ মঙ্গল অভিযানের মহাকাশযান টুকরো টুকরো হয়ে চিলির উপকূল বরাবর প্রশান্ত মহাসাগরে পড়েছে বলে জানিয়েছে রুশ সেনাবাহিনী।
রোববার এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে রাশিয়ার গণমাধ্যমগুলো একথা জানিয়েছে।
গত ৯ নভেম্বর রাশিয়ার বৈকানুর কসমোড্রোম থেকে ‘ফোবস-গ্রান্ট’ নামের মহাকাশযানটি মঙ্গলগ্রহের উপগ্রহ ফোবসের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে এটি পৃথিবীর কক্ষপথের বাইরে আর যেতে পারেনি। ঘুরতে ঘুরতে অভিকর্ষের টানে এটি পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়ে।
পড়ার সময় মহাকাশযানটি বাতাসের ঘর্ষণে জ্বলে খন্ড বিখন্ড হয়ে যায়।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরইএ ও ইতারতাস মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল অ্যালেক্সাই জোলোতুখিনের উদ্ধৃতি দিয়ে জানায়, এর টুকরোগুলো চিলির ওয়েলিংটন দ্বীপের ১২৫০ কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের পড়েছে।
তবে মহাকাশযানটির যে অংশগুলো অক্ষত আছে সেগুলোও প্রশান্ত মহাসাগরের একই এলাকায় পড়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলের উপগ্রহ ফোবসের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহের পরিকল্পনায় ‘ফোবস-গ্রান্ট’ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছিলো। অভিযানটি তিন বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৩৪ঘ.
bdnews24