২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিলানিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে ‘আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১৯ জানুয়ারির মধ্যে স্বশরীরে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 08:10 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ইসলামাবাদ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে ‘আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১৯ জানুয়ারির মধ্যে স্বশরীরে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সোমবার প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দায়ের করা পুনরুজ্জীবিত এক দুর্নীতির মামলার শুনানি চলাকালে আদালত গিলানির বিরুদ্ধে ওই আদেশ জারি করে। আসিফ আলি জারদারির বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামালাগুলো পুনরুজ্জীবিত করতে আদালতের দেওয়া আদেশের ব্যাপারে সরকারের পরিকল্পনা সোমবারের মধ্যে আদালতকে জানাতে প্রধানমন্ত্রীকে নির্দেশ দেয়া হয়েছিলো। এ বিষয়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রী গিলানিকে সতর্ক করেছিলো আদালত। আদালতের আদেশ সরকার অগ্রাহ্য করলে প্রধানমন্ত্রী হিসেবে গিলানিকে অযোগ্য ঘোষণা করা হতে পারে এবং প্রেসিডেন্ট জারদারিরর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে বলে জানানো হয়েছিল। কিন্তু সোমবারের মধ্যে আদালতের নির্দেশ মতো এ বিষয়ে সরকারের পরিকল্পনা আদালতকে অবহিত না করার কারণে সর্বোচ্চ আদালতের ১৭ সদস্যের একটি বেঞ্চ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। আদালত কর্তৃক নির্ধারিত সময়সীমা না মানায় প্রধানমন্ত্রী হিসেবে গিলানির প্রতি সমন জারি করে আদালত। ইতোমধ্যে পাকিস্তানের সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রী গিলানি ‘প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করা শপথ অনুযায়ী সৎ নন সেহেতু ব্যক্তি হিসেবেও সম্ভবত সৎ নন’ বলে মত দিয়েছে। ২০০৭ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বিতর্কিত ‘ন্যাশনাল রিকন্সিলিয়েশন অর্ডিন্যান্স’র (এনআরও) আওতায় জারদারির বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলো বন্ধ করে দেন। ২০০৯ সালে দেশটির সর্বোচ্চ আদালত ঘোষণা করে ওই ‘সাধারণ ক্ষমা’ বিষয়টি শেষ হওয়া উচিত এবং এ বিষয়ে সরকারের মতামত জানতে চায়। কিন্তু এ পর্যন্ত গিলানির নেতৃত্বাধীন সরকার আদালতের ওই আদেশের কোনো জবাব দেয়নি। সোমবার জবাবের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হলে প্রধানমন্ত্রীর প্রতি সমন জারি করে আদালত। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/এবি/সিআর/১৫৩৩ ঘ.