ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসা বিজ্ঞানের একটি পরীক্ষার জন্য চীনে দুই লাখ মানুষকে জোরপূর্বক ওষুধ সেবনে বাধ্য করা হয়েছে।
গ্যাস্ট্রিকের চিকিৎসার জন্য চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশে ওই পরীক্ষা চালানো হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
একজন ব্লগার প্রথমে এ অভিযোগ তুললে স্থানীয় এক কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ চিকিৎসা ছিলো ‘স্বেচ্ছাসেবী’।
তবে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক খবরে বলা হয়েছে, চীনের লিনকু কাউন্টিতে দুই লাখের বেশি মানুষকে অজ্ঞাত ওষুধ সেবন করানো হয়েছে বলে একটি মাইক্রো ব্লগ পোস্টে যে দাবি করা হয়েছে তা অস্বীকার করেছেন প্রাদেশিক কর্মকর্তারা।
সিনহুয়া জানায়, চীনের সবচেয়ে জনপ্রিয় টুইটারে মতো ক্ষুদে ব্লগ সিনা ওয়েবোয় একজন লিখেছেন, “জনস্বাস্থ্যের কথা বিবেচনা না করে কিছু দপ্তর বা কর্মকর্তা আর্থিক লোভে এ কাজ করতে পারে। আমাদের সত্য জানা দরকার।”
কয়েক হাজার সোস্যাল মিডিয়া ব্যবহারকারী এই পোস্টটি শেয়ার করে এবং দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫৫ ঘ.
bdnews24