২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় এই মুহূর্তে সহিংসতা বন্ধে মুনের আহ্বান

সিরিয়ায় এই মুহূর্তে সহিংসতা বন্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

বৈরুত, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় এই মুহূর্তে সহিংসতা বন্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। দেশটিতে ১০ মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধে রোববার এই আহ্বান জানালেন মুন। লেবাননে রাজনৈতিক সংস্কার বিষয়ক এক সভায় দেওয়া বক্তব্যে মুন বলেন, “আজ আমি পুনর্বার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানাচ্ছি, নিজের জনগণ হত্যা বন্ধ করুন। দমনপীড়নের পরিণতি করুণ হয়।” মুন আরো বলেন, “এই আন্দোলন শুরু হওয়ার (আরব বিশ্বের গণ আন্দোলন) সময় থেকেই আমি সংশ্লিষ্ট নেতাদের বলেছিলাম জনগণের কথা শুনুন, তাদের বোঝার চেষ্টা করুন। তাদের কেউ কেউ সেই কথা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে লাভবান হয়েছেন। অন্যরা তা করেনি। আজ তারা ঝড়ের তোপে উড়ে গেছে।” মুন বলেন, জাতিসংঘ লিবিয়া, মিশর, তিউনিসিয়া এবং ইয়েমেনে পরিবর্তনকে সমর্থন দিয়েছে। আরব রাষ্ট্রগুলোতে সবধরনের পরিবর্তনে সহায়তা করতে আমরা প্রতিশ্র“তিবদ্ধ। প্রসঙ্গত, তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনেদিন বেন আলি সৌদি পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন। আর মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক এখন বিভিন্ন মামলায় আদালতে বিচারের মুখোমুখি। ইয়েমেনের আলি আবদুল্লাহ সালেহও ক্ষমতা হস্তান্তর করেছেন। এই তিন রাষ্ট্রপ্রধানই গণআন্দোলনে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। কিন্তু লিবীয় নেতা আমৃত্যু ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না বলে ঘোষণা দিয়ে লড়াই চালিয়ে যান। পরিণতিতে তিনি বিদ্রোহীদের হাতে নিহত হন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গত মার্চ থেকে সিরিয়ায় আসাদবিরোধী আন্দোলন দমনে সরকারি বাহিনীর হাতে ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। সিরীয় সরকারের দাবি অনুযায়ী, দীর্ঘ ১০ মাসে সন্ত্রাসীদের হামলায় ২ হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে। গত বছরের সূচনালগ্নে আরববিশ্বে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনে একনায়কদের পতন ঘটতে শুরু করে। সেই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে সিরিয়াতেও প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। কিন্তু শুরু থেকেই সেই বিক্ষোভ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৪৯ ঘ.