আম্মান, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারের দমনাভিযানে সাধারণ মানুষের প্রাণহানি ঠেকাতে সেখানে আরব দেশগুলোকে সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানি।
সিরিয়ায় সামরিক আগ্রাসনের পক্ষে কিনা- এ প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের নিউজ চ্যানেল সিবিএস’কে শেখ হামাদ বলেন, “এরকম পরিস্থিতিতে হত্যাযজ্ঞ বন্ধ করতে সিরিয়ায় কিছু সেনা পাঠানো উচিত।”
এই প্রথম কোন আবর নেতা সরাসরি সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের আহ্বান জানালেন। তবে এ হস্তক্ষেপ কিভাবে কাজে আসবে তা ব্যাখ্যা করেন নি তিনি।
সিবিএস-এ হামাদের ওই সাক্ষাৎকারটি ‘সিক্সটি মিনিটস’ প্রোগ্রামে প্রচারিত হবে রোববার।
আরব লিগের সিরিয়া বিষয়ক কমিটির প্রধান কাতারের প্রধানমন্ত্রী বলেন, সিরিয়ায় সহিংসতা বন্ধে আরব লিগ প্রস্তাবিত শান্তি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণে আরব পর্যবেক্ষকদের পাঠানোর পরও দেশটিতে রক্তপাত বন্ধ হয়নি।
জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় গত মার্চে সরকার-বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ৫ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।
চলমান সহিংসতায় দেশটিতে গৃহযুদ্ধ দেখা দেওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। কিন্তু এর মধ্যেও থেমে নেই দমনাভিযান। এখনো বিভিন্ন শহরে চলছে সেনাদের ট্যাংক হামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৩ঘ.
bdnews24