২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞানী হত্যায় যুক্তরাষ্ট্র জড়িত, দাবি ইরানের

ইরানের পরমাণু বিজ্ঞানী মোস্তফা আহমাদি-রোশান নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র জড়িত থাকার প্রমাণ আছে বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

তেহরান, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু বিজ্ঞানী মোস্তফা আহমাদি-রোশান নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র জড়িত থাকার প্রমাণ আছে বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার এ খবর জানিয়েছে। বুধবার সকালে রোশানের গাড়ির দরজায় লাগানো একটি ম্যাগনেটিক বোমা বিস্ফোরণে তিনি নিহত হন। এ হামলায় তার চালকও নিহত হয়েছে। গত দুই বছরের মধ্যে এ নিয়ে পাঁচ বার ইরানের পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা হল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের সুইস রাষ্ট্রদূতের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “সিআইএ’র পরিকল্পনা, নির্দেশনা ও সহযোগিতায় এ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালিত হয়েছে বলে আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণ আছে।” তিনি আরো বলেছেন, “এই তথ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, এ হামলা পরিচালনার পেছনে সরাসরি সিআইএ-সংশ্লিষ্ট কেউ জড়িত।” তবে এ হত্যার পেছনে যুক্তরাষ্ট্রের কোন সংশ্লি¬ষ্টতা নেই বলে জানিয়েছে ওয়াশিংটন এবং এ ঘটনায় নিন্দা জানিয়েছে তারা। ইসরায়েল এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি। উল্লেখ্য, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পরপরই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে সুইস দূতাবাসই ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। ওদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সংস্থাটির মহাসচিব বান কি-মুনকে সা¤প্রতিক হত্যায় নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে তেহরান। তেহরান বলছে, তাদের পারমাণবিক কার্যক্রম ব্যাহত করতে পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা চালানো হচ্ছে। পশ্চিমা দেশগুলোসহ ইসরায়েলের দাবি, ইরান পারিমাণবিক বোমা তৈরির জন্য কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, তেহরান বলছে, তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বেসামিরক। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের তেল রপ্তানির ওপর অবরোধ করার করার পরিকল্পনা হাতে নেওয়ায় ইতোমধ্যে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১০ঘ.