মস্কো, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার এক প্রৌড় গ্রামবাসী শীতের জন্য ঘর গরম করার জ্বালানী কাঠ কিনে বাড়িতে এনে দেখেন বাক্স ভর্তি কালাশনিকভ রাইফেল (একে- ৪৭) আর রাইফেলের গুলি।
ঘটনাটি ঘটেছে মস্কো থেকে ১৩শ কিলোমিটার দক্ষিণ-পূর্বে উদমুর্তিয়ার সোভখোজনি গ্রামে। ঘটনাটি নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করে ইন্টারফ্যাক্স।
৫৭ বছর বয়সী ওই গ্রামবাসী জানান, অপরিচিত এক ট্রাকচালকের কাছ থেকে ৫শ রুবল (প্রায় ১৩শ টাকা) দিয়ে তিনি ৬০টি কাঠের বাক্স কেনেন। শীতে ঘর গরম করতে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য বাক্সগুলো কিনেন তিনি ।
ঘরে নিয়ে এসে বাক্স খুলে দেখেন সেখানে সাজানো আছে থরে থরে একে-৪৭ রাইফেল ও রাইফেলের গুলি। সবগুলো বাক্সেই একই জিনিস পাওয়া যায়।
বাক্সগুলোতে ৭৯টি একে-৪৭ রাইফেল ও ২৫৩টি রাইফেলের কার্তুজ ছিলো যার সবগুলোই ব্যবহার উপযোগী। ১৯৫৯-৬০ সালে তৈরি এই রাইফেলগুলো ইজমাসের একটি অস্ত্র কারখানা থেকে একটি পুনরুৎপাদন কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানিয়েছেন রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ার অস্ত্রশিল্পের দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রগোজিন বলেছেন, ঘটনাটি তদন্ত করা হবে।
বিক্রি করা বাক্সে আগ্নেয়াস্ত্র আছে এমন তথ্য বিক্রেতা ওই ট্রাকচালকের জানা ছিলো কিনা তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩৫ঘ.
bdnews24