২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট সাইটগুলোর বিরুদ্ধে মামলায় ভারতের সমর্থন

গুগল ও ফেইসবুকসহ বড় বড় ২১টি ওয়েবসাইটে আপত্তিকর বিষয়বস্তু প্রকাশ করার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় সমর্থন দিয়েছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

নয়াদিল্লি, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- গুগল ও ফেইসবুকসহ বড় বড় ২১টি ওয়েবসাইটে আপত্তিকর বিষয়বস্তু প্রকাশ করার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় সমর্থন দিয়েছে ভারত সরকার। শুক্রবার ভারতীয় সরকার আনুষ্ঠানিকভাবে ওই ২১টি ওয়েবসাইটের বিরুদ্ধে মামলায় সরকারী সমর্থন দেওয়ার অনুমোদন দেয়। এর আগে, আদালত ওই ওয়েবসাইটগুলোকে আপত্তিকর বিষয়বস্তু প্রকাশ অব্যহত থাকলে “চীনের মতো” তা বন্ধ করে দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে। হিন্দু, মুসলমান ও খ্রিস্টান ধর্মীয় অনুভুতিতে আঘাত করতে পারে এমন বিবেচনায় ওয়েবসাইটগুলো থেকে আপত্তিকর বিষয়বস্তু প্রত্যাহারের জন্য এক ব্যক্তি আদালতে একটি অভিযোগ দাখিল করে। এই মামলাকে কেন্দ্র করে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে ‘বাক স্বাধীনতা’র ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। আদালতের এক নথি থেকে দেখা যায়, ভারত সরকার জাতীয় স্থিতিশীলতা, ঐক্য ও স্বার্থের বিবেচনায় পূর্বোক্ত অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা সমর্থন করাকে যথার্থ বলে মনে করছে।” ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি আগামী মার্চ অনুষ্ঠিত হবে, তখন ওয়েবসাইটগুলোর জেষ্ঠ্য নির্বাহীদের ডেকে পাঠানো হতে পারে। ওদিকে, এ মামলায় জারি করা একটি রুলিংয়ের বিরুদ্ধে করা এক আপিলের শুনানি সোমবার দিল্লি হাইকোর্টে শুরু হবে। শুক্রবার ভারতে গুগলের এক মুখপাত্র বলেন, “কিছু বিষয়বস্তু প্রত্যাহারে ইন্টারনেট কোম্পনিগুলোর ওপর নিম্ন আদালতের জারি করা এক নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছি আমরা।” তবে এ বিষয়ে ফেইসবুুক, ইয়াহু ও মাইক্রোসফটের ভারতীয় দপ্তর থেকে কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার ইকোনমিক টাইমস সংবাদপত্র এক প্রতিবেদনে জানায়, ফেইসবুক ও গুগলের ভারতীয় শাখার আইনজীবীদেরকে হাইকোর্টের বিচারক সুরেশ কেইট বলেন, “আপনার বাড়িতে কোনো নিষিদ্ধ জিনিস পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায় আপনার।” “চীনের মতো আমরাও এ ধরণের সবগুলো ওয়েবসাইট বন্ধ করে দিতে পারি। তবে এমন পরিস্থিতিতে যেতে আমাদের বাধ্য করবেন না।” গত বছর ভারতে একটি আইন পাশ হয়। এ আইন অনুযায়ী, ব্যবহারকারীরা ওয়েবসাইটে কোনো বিষয়বস্তু প্রকাশ করলে তার দায় কোম্পানি বহন করবে। আর প্রকাশিত কোনো বিষয়বস্তুর বিরুদ্ধে কোনো অভিযোগ করা হলে ৩৬ ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করতে হবে। গত সপ্তাহে এ আইনটি নিম্ন আদালত আবারো উল্লেখ করেছে। ভারতের ১২০ কোটি মানুষের মাত্র ১০ শতাংশেরও কম ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। তবে মোবাইল ফোনের মাধ্যমে সামাজিক এসব ওয়েবসাইটগুলোর ব্যবহার দিনদিন বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো এ আইনের বিরোধিতা করলেও রাজনীতিবিদরা জানান, ইন্টারনেট ব্যহারকারীর সংখ্যা বাড়তে থাকায় ভারতের মতো সামাজিকভাবে রক্ষণশীল একটি দেশে ‘ক্ষতিকর’ ছবি প্রকাশ করাটা ভয়াবহ হয়ে উঠতে পারে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/১৭১২ঘ.