ইসলামাবাদ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের প্রভাবশালী জেনারেলদের চাপ এবং দেশের স্থিতিশীলতা নিয়ে শঙ্কার মুখে সমর্থন বাড়াতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
জোটের শরিকদলগুলোর সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে জারদারির ক্ষমতাসীন দল। ওদিকে, গিলানিও আস্থা ভোটের মুখে পার্লামেন্টের সমর্থন খুঁজছেন।
সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান সরকারের সম্পর্ক উত্তেজনাকর হয়ে ওঠায় দেশের স্থিতিশীলতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
জারদারির এক মিত্র প্রেসিডেন্টের পক্ষে সমর্থন বাড়াতে পার্লামেন্টে একটি প্রস্তাবনা পেশ করেছেন। এ আস্থা প্রস্তাব নিয়ে সোমবার পার্লামেন্টে বিতর্ক হবে এবং আগামী সপ্তাহে এর ওপর ভোটাভুটি হবে বলে আশা করা হচ্ছে।
ওদিকে, বিবিসি’র খবরে বলা হয়েছে, সোমবার পার্লামেন্টে গিলানি সরকারের ওপর আস্থা ভোট হবে। এ ভোটে পার্লামেন্টের সমর্থন চেয়ে দেশে ‘গণতন্ত্র ও একনায়কতন্ত্র’ দু’য়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন গিলানি।
ওই একই দিনে ওয়াশিংটনে স্মারকলিপি পাঠানো ইস্যুতে সুপ্রিম কোর্টের তদন্ত কমিশনের শুনানির তারিখও ধার্য হয়েছে।
আস্থা ভোটের ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে গিলানি বলেছেন, সেনাবাহিনী এ পদক্ষেপের লক্ষ্য নয়।
তবে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জোটভুক্ত কয়েকটি দল সতর্ক করে দিয়ে বলেছে, সেনাবাহিনীকে চাপে ফেলা উচিত হবে না প্রেসিডেন্ট জারদারি ও তার মিত্রদের। এতে পরিণতি খারাপ দিকে গড়াতে পারে।
পিপিপি জোট সরকারের গুরুত্বপূর্ণ এক শরিক দলের এমপি বলেন, “দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে এমন যে কোনো প্রস্তাবনাকে তারা সমর্থন জানাবেন। তবে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আনীত প্রস্তাবনা তারা সমর্থন করবেন না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯২৮ঘ.
bdnews24