২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণসীমা ১.২ ট্রিলিয়ন ডলার বাড়ানোর চেষ্টায় ওবামা

যুক্তরাষ্ট্রের ঋণসীমা আরো ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বাড়াতে চান প্রেসিডেন্ট বারাক ওবামা। কংগ্রেসকে বৃহস্পতিবার এ পরিকল্পনা জানিয়েও দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ঋণসীমা আরো ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বাড়াতে চান প্রেসিডেন্ট বারাক ওবামা। কংগ্রেসকে বৃহস্পতিবার এ পরিকল্পনা জানিয়েও দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে রিপাবলিকানদের সঙ্গে আরেক দফা সংঘর্ষে জড়ানোর ঝুঁকি নিচ্ছেন ওবামা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারের কাছে এক চিঠিতে ওবামা জানান, “বিল পরিশোধের প্রতিশ্র“তি মেটাতে আরো ধার করার সামর্থ্য দরকার।” ওবামার পরিকল্পনামাফিক ধার বাড়লে যুক্তরাষ্ট্রের ঋণসীমা গিয়ে দাঁড়াবে ১৬ দশমিক ৩৯৪ ট্রিলিয়ন ডলারে। এ প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য কংগ্রেসের হাতে সময় আছে ১৫ দিন। গত বছর ঋণসীমা বাড়ানো নিয়ে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের বিরোধে ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে পড়েছিলো যুক্তরাষ্ট্র সরকার। তবে দীর্ঘমেয়াদে দেশের বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা নিয়ে সমঝোতায় পৌঁছেছিলো দুপক্ষ। আর এ যাত্রায় প্রেসিডেন্ট ওবামা ঋণসীমা বাড়াতে সক্ষম হবেন বলে আশা করলেও বাজেট ঘাটতি কমানোয় ব্যর্থতার অভিযোগ এড়াতে পারবেন না তিনি। রিপাবলিকানরা তার বিরুদ্ধে এ ব্যর্থতার অভিযোগ তুলবেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৫ঘ.