২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশিষ্ট রাজবন্দিদের মুক্তি দিয়েছে মিয়ানমার

সাধারণ ক্ষমার আওতায় বৃহস্পতিবার বেশ কয়েকজন বিশিষ্ট রাজবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

নাইপিতাও, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- সাধারণ ক্ষমার আওতায় বৃহস্পতিবার বেশ কয়েকজন বিশিষ্ট রাজবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। এদের মধ্যে ১৯৮৮ সালের ছাত্র বিক্ষোভের কয়েকজন নেতা, প্রখ্যাত আদিবাসী নেতা ও কয়েকজন সাংবাদিক রয়েছেন। এছাড়া ২০০৪ সালে আটক সাবেক এক প্রধানমন্ত্রীও গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে মোট ৬শ’ ৫১জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে কতজন রাজবন্দিকে মুক্তি দেওয়া হবে তা জানানো হয়নি। আরো বেশি রাজবন্দিকে মুক্তি দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। মুক্তি পাওয়া সাবেক ছাত্রনেতা নিলার থেন বন্দি মুক্তির খবর নিশ্চিত করে জানান, থারিয়া ওয়াদি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। তিনি জানান, আরো ১০ জন রাজবন্দিসহ তাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে কারাগারে এখনও ২৫ জনের বেশি বন্দি রয়েছে। ১৯৮৮ সালের বিক্ষোভের পর আট বছর কারাভোগ করেন থেন। এরপর অবৈধভাবে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের অভিযোগে ২০০৭ সালে তাকে ৬৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। থেনের স্বামীকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত অপর সাবেক ছাত্রনেতারা হলেন তে কুয়ে ও মিন কো নাইং এবং মিয়ানমারের সবচেয়ে বড় আদিবাসী সম্প্রদায় শানের উর্ধ্বতন নেতা য়ু খুন তুন ও। গৃহবন্দিত্ব থেকে মুক্তিপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী হলেন খিন নিয়ন্ত। গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি এ উদ্যোগকে ‘ইতিবাচক’ উল্লেখ করেছেন। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের নতুন সরকার ইতোমধ্যেই বেশ কয়েকজন রাজবন্দিকে মুক্তি দিয়েছে। গত বছরের নভেম্বর মাসে এ সরকার ক্ষমতায় আসে। এরপর তারা সু চি কে মুক্তি দেয় এবং সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সঙ্গে সংলাপে বসে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬২৪ঘ.