২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ফিরেছেন জারদারি

দেশে অস্থিরতার মধ্যে দুবাই সফরে গেলেও পুনরায় ফিরেছেন পাকিস্তানি প্রেসিডেন্ট। তার এই যাওয়া নিয়ে ব্যাপক গুঞ্জন উঠেছিল দেশে-বিদেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ইসলামাবাদ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুবাই থেকে শুক্রবার পাকিস্তানে ফিরেছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। পাকিস্তানি প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বলেন, “শুক্রবার সকালে প্রেসিডেন্ট ইসলামাবাদ ফিরে এসেছেন।” বৃহস্পতিবার এক দিনের সফরে দুবাই যান জারদারি। ২০১১ সালের অক্টোবরে সামরিক বাহিনীর অভ্যুত্থান পরিকল্পনা বিষয়ে ওয়াশিংটনের কাছে একটি অস্বাক্ষরিত স্মারকলিপি পাঠানো হয়। ওই স্মারকলিপি নিয়ে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন সময় বিনা নোটিশে জারদারির দুবাই সফর নিয়ে সরকারের ভবিষ্যৎ বিষয়ে সংশয় দেখা দেয়। দুবাই সফর সম্পর্কে জারদারির এক সহযোগী জানান, “চিকিৎসাপরবর্তী ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্যই তিনি দুবাই গেছেন। তিনি শিগগিরই দেশে ফিরবেন।” এর আগে গত মাসে চিকিৎসার জন্য দুবাই গিয়েছিলেন তিনি। এবার শারীরিক পরীক্ষার জন্য জারদারির আবার দুবাই যাওয়ার কথা জানা গেলেও ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র এক সদস্য জানান, দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেছেন জারদারি। তবে তার এ দুবাইযাত্রার কোনো কারণই তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গত বছর ডিসেম্বরে জারদারি দুবাইয়ে চিকিৎসার জন্য গেলে সেনাবাহিনী পাকিস্তানের ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বলে গুজব রটে। বেশ কিছুদিন পর দেশে ফিরে যান জারদারি। তবে সেনাবাহিনী প্রেসিডেন্ট জারদারিকে পছন্দ না করলেও সাংবিধানিকভাবে তার অপসারণ চায় বলে ইঙ্গিত দিয়ে আসছে। এদিকে যুক্তরাষ্ট্রে পাঠানো স্মারক লিপি তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। তদন্তে স্মারকলিপির সঙ্গে জারদারির সংশ্লিষ্টতা প্রমাণিত হলে অভিসংশনের মুখে পড়তে পারেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৮ ঘ.